spot_img
spot_img

মানুষদের কুরআন ছুঁইয়ে বিজেপিকে ভোট দিতে বলা হচ্ছে: মমতা

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে অন্য রাজ্য থেকে আসা মানুষদের গীতা ও কুরআন ছুঁইয়ে ভোট চেয়েছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি, এমন মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বলেন, যারা বিভিন্ন রাজ্য থেকে আসছেন, তাদের গীতায় ছুঁইয়ে নেওয়া হচ্ছে, কুরআন ছুঁইয়ে নেওয়া হচ্ছে। এরপর বলা হচ্ছে বিজেপিকে ভোট দিতে হবে।

বুধবার (২২ এপ্রিল) এক জনসভায় এসব কথা বলেন তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি তাদের বলব, ওখানে আর যেতে হবে না। এখানে থাকুন, কাজ করুন। এখানে কাজের অনেক সুযোগ-সুবিধা আছে। আপনাকে ছোঁয়ানো হচ্ছে বলেই আপনি সেটি বিশ্বাস করে নিলেন। মসজিদে গিয়ে আল্লাহ তা’লার কাছে দোয়া করে এসে বিজেপিকে ভোট দেবেন না, তৃণমূলকে ভোট দেবেন। যাদের গীতা ছোঁয়ানো হচ্ছে, তাদের বলুন, শিবমন্দিরে যাবেন, নয়তো মায়ের কাছে যাবেন। গিয়ে বলবেন, মা গো ক্ষমা করে দিও, আমাকে জোর করে সই করিয়ে নিয়েছে।

এ সময় তিনি রাফাল ছাড়া সবকিছু নামানো হয়েছে বলে কটাক্ষ করেন। মমতা বলেন, ভোট চাইতে রাফাল যুদ্ধবিমান ছাড়া সবকিছুই নামিয়ে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, রাত পোহালেই শুরু হচ্ছে পশ্চিমবঙ্গের ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ। ইতোমধ্যেই রাজ্যজুড়ে প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশে প্রশাসন ও নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। আগামীকাল ২৩ এপ্রিল সকাল ৭টা থেকে শুরু হবে ভোটগ্রহণ, চলবে নির্ধারিত সময় পর্যন্ত।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ