আমেরিকার প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, মার্কিন সামরিক বাহিনীর প্রতি বছর নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত। কারণ তারা সঠিকভাবে যুদ্ধ করে।
তবে এই কথা বলার মাত্র কয়েক সেকেন্ড আগেই তিনি গর্ব করে বলেন, তার নেতৃত্বে সামরিক বাহিনী এখন সর্বোচ্চ সহিংসতা ঘটাতে সক্ষম।
শুক্রবার (২৪ এপ্রিল) ইরান যুদ্ধ বিষয়ক একটি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এক সাংবাদিক হেগসেথকে জিজ্ঞেস করেন, যুদ্ধ মন্ত্রণালয়কে শান্তি মন্ত্রণালয় নাম দেওয়ার কথা ভাবছেন কিনা। জবাবে হেগসেথ বলেন, শক্তির মাধ্যমে শান্তি আনতেই এটিকে যুদ্ধ মন্ত্রণালয় বলা হয়।
তিনি বলেন, ‘যখন সঠিকভাবে যুদ্ধ করা হয়, তখন লক্ষ্য থাকে অন্য প্রান্তে শান্তি আনা। যে প্রতিষ্ঠানটি প্রতি বছর নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত, সেটি হলো মার্কিন সামরিক বাহিনী। কারণ আমরা শুধু আমাদের দেশের নয়, পৃথিবীর অনেক মানুষের নিরাপত্তার নিশ্চয়তা দিই।’
তবে এই মন্তব্যের মাত্র এক মিনিট আগেই হেগসেথ বলেন, তার নেতৃত্বে সেনারা ‘সর্বোচ্চ সহিংসতা’ আনার ক্ষমতা রাখে। তিনি বলেন, ‘আমি চাই তারা ক্ষমতা রাখুক। আমাদের নিয়মের মধ্যে থেকে শত্রুর বিরুদ্ধে সর্বোচ্চ সহিংসতা আনতে সব ক্ষমতা পাক। কারণ যুদ্ধ সহিংস। আমি চাই আমাদের লোকেরা ঘরে ফিরুক, আর তাদের লোকেরা না ফিরুক।’











