রাজধানীতে আয়োজিত এক আলোচনা সভায় ওয়াসার পানি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “আমার খুব কষ্ট হয় যখন শুনি ওয়াসার পানি খারাপ।”
মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর কাকরাইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর-এ অনুষ্ঠিত বিশ্ব পানি দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, সম্প্রতি সংসদের পানি নিয়েও অভিযোগ উঠেছে। “চিফ হুইপ বলেছেন, সংসদের পানি খাওয়া যায় না। ঢাকা শহরের সবচেয়ে বড় সংকট এখন নিরাপদ পানি। বাংলাদেশকে বাঁচাতে এসব বিষয়ে নতুনভাবে ভাবতে হবে,”—উল্লেখ করেন তিনি।
নদী দূষণ প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের নদীগুলোকে রক্ষা করতে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। “এই বিষয়গুলো আমাদেরই ঠিক করতে হবে। আমরা যে বিলাসবহুল গাড়িতে চলি, তা জনগণের করের টাকায়—তাই জনগণের সমস্যার সমাধানই হওয়া উচিত সর্বোচ্চ অগ্রাধিকার,”—যোগ করেন তিনি।
পানি ব্যবস্থাপনা নিয়ে তিনি বলেন, ডিপ টিউবওয়েলের ওপর নির্ভরতা কমিয়ে সারফেস ওয়াটারের ব্যবহার বাড়াতে হবে। পাশাপাশি বৃষ্টির পানি সংরক্ষণেও জোর দেওয়ার আহ্বান জানান তিনি।
বিশ্ব পরিস্থিতি উল্লেখ করে তিনি বলেন, নিরাপদ পানির সংকট এখন বৈশ্বিক ইস্যুতে পরিণত হয়েছে। ভবিষ্যতে এ সংকট আরও তীব্র হতে পারে এবং এমনকি পানিকে কেন্দ্র করে সংঘাতের আশঙ্কাও রয়েছে।











