কুমিল্লার বুড়িচংয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার দায়ে ময়নাল হোসেন (৩২) নামে এক যুবকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে কুমিল্লার শিশু ট্রাইব্যুনাল আদালতের বিচারক আবদুল হান্নান এ রায় দেন।
বাদীপক্ষের আইনজীবী শিশু আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) বদিউল আলম সুজন বিষয়টি নিশ্চিত করে জানান, ২০২১ সালে বুড়িচং উপজেলার ভারেল্লা গ্রামের ময়নাল হোসেন তার প্রতিবেশী ওই শিশুকে ধর্ষণের পর হত্যা করে। পরবর্তীতে শিশুটির মরদেহ পলিথিনে পেঁচিয়ে সেপটিক ট্যাংকে লুকিয়ে রাখে। পরে পুলিশ সেখান থেকে মরদেহ উদ্ধার করে। শিশুটি দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।
এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে বুড়িচং থানায় হত্যা মামলা করেন। মামলায় ১৭ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত ময়নালকে মৃত্যুদণ্ড এবং ১ লাখ টাকা জরিমানার আদেশ দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত ময়নাল হোসেন বুড়িচং উপজেলার ভারেল্লা গ্রামে মৃত খোরশেদ আলমের ছেলে।











