ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শেষ হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ প্রথম অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন।
গত ১২ মার্চ শুরু হওয়া এই অধিবেশন ২৫ কার্যদিবস চলার পর ৩০ এপ্রিল শেষ হয়। এই অধিবেশনে মোট বৈঠক দিবস ছিল ২৫টি। অধ্যাদেশ ছিল ১৩৩টি। অধ্যাদেশগুলোর বিপরীতে বিল পাস হয়েছে ৯১টি। আজকের দুটি বিলসহ মোট ৯৪টি বিল পাস হয়েছে। আইন প্রণয়ন কার্যাবলীর পাশাপাশি এই অধিবেশনে ৫টি স্থায়ী কমিটি এবং ২টি বিশেষ কমিটি গঠন করা হয়েছে।
কার্যপ্রণালী বিধির ৬২ বিধিতে ১৬টি নোটিশ পাওয়া যায়। এর মধ্যে দুটির ওপর আলোচনা হয়েছে। ৬৮ বিধিতে ৯টি নোটিশ পাওয়া যায়, এর মধ্যে একটি নোটিশের ওপর সংক্ষিপ্ত আলোচনা হয়েছে। ৭১ বিধিতে গৃহীত ৩৮টি নোটিশের ওপর আলোচনা হয়েছে। আর ৭১ক বিধিতে দুই মিনিট করে বক্তব্য দেওয়া হয়েছে ২০৭ বার। ১৬৪ বিধিতে ১৪টি নোটিশের মধ্যে একটি নোটিশ গৃহীত হয়েছে এবং এটি বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে। ২৬৬ বিধিতে দুটি বিশেষ কমিটি গঠিত হয়েছে।
এই অধিবেশনে প্রধানমন্ত্রীকে উত্তর দেওয়ার জন্য সর্বমোট ৯৩টি প্রশ্নের নোটিশ দেওয়া হয়। এর মধ্যে তিনি ৩৫টি প্রশ্নের উত্তর দিয়েছেন। বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের উত্তর দেওয়ার জন্য মোট ২ হাজার ৫০৯টি প্রশ্নের নোটিশ পাওয়া যায়। এসব নোটিশের মধ্যে মন্ত্রীরা মোট ১ হাজার ৭৭৮টি প্রশ্নের উত্তর দিয়েছেন। রাষ্ট্রপতির ভাষণের ওপর ৪০ ঘণ্টা ১৪ মিনিট আলোচনা অনুষ্ঠিত হয়েছে।











