spot_img
spot_img

তর্ক-বিতর্ক ভালো কিন্তু অপপ্রচার-মিথ্যা কখনোই ভালো হতে পারে না : মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই সনদ ও সংবিধান সংশোধন নিয়ে তর্ক-বিতর্ক হচ্ছে। তর্ক-বিতর্ক অবশ্যই ভালো। কিন্তু অপপ্রচার, মিথ্যা এবং রাজনৈতিক উদ্দেশ্যে এগুলো ব্যবহার করার চেষ্টা কখনোই ভালো হতে পারে না।

শনিবার (২ মে) শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সবচেয়ে বড় কথা হলো, জুলাই সনদের প্রত্যেকটা জায়গায় আমরা ছিলাম। আমাদের পক্ষ থেকে আমি এবং সালাউদ্দিন সাহেব স্বাক্ষর করেছি। তার আগে জুলাই সনদ ঘোষণা করা হয়েছে, সেটার ড্রাফটও আমরা একসঙ্গে দিয়েছি। আমরা তো পরিষ্কার করে বলেছিলাম, আলোচনার মধ্যে যেসব বিষয়ে আমরা একমত হব না, সেগুলোতে আমরা নোট অব ডিসেন্ট দেব। জুলাই সনদের মধ্যে তা আছে। তখনই আমরা প্রেস কনফারেন্স করে এ বিষয়ে বলেছিলাম।

মন্ত্রী বলেন, সে সময় সেখানে কিছু বিষয় ছিল, যেগুলোতে আমরা একমত হইনি। কিন্তু তারা বলে দিল, এগুলো হবে এবং এই নির্বাচনের পরেই যারা নির্বাচিত হবেন, তারা সংবিধান সংস্কার পরিষদ গঠন করবেন। আমরা এটার সঙ্গে একেবারেই একমত হইনি। কারণ এটার কোনো নজির নেই।

তিনি আরও বলেন, আমরা বলেছিলাম নির্বাচন হবে, নির্বাচিত সদস্যরা সংসদ গঠন করবেন, তারাই সিদ্ধান্ত নেবেন। যেসব পরিবর্তন বা সংশোধন আনার প্রয়োজন, তারাই তা করবেন। এখন সেইসব বিষয় নিয়ে একেবারেই মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে এবং রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ