জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও এমপি হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আমাদের সরকারে অনেক মুড সুইং হয়। সরকার আসলে কে এটা বোঝা যাচ্ছে না।
রোববার (৩ মে) সকালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে এনসিপি আয়োজিত জাতীয় কনভেনশনে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের বক্তব্যে সরকারের দুর্বলতা স্বীকার করা হয়েছে উল্লেখ করে হাসনাত বলেন, তখন নির্বাচন হওয়ার জন্য সংস্কার প্রস্তাব মেনে নেওয়া হয়েছিল। এটা এক ধরনের ভণ্ডামি। এখন নির্বাচন হয়ে যাওয়ার পর জনগণের কথা আর গুরুত্ব পাচ্ছে না।
তিনি বলেন, আমদানি নির্ভর জ্বালানি থেকে নবায়নযোগ্য জ্বালানিতে যেতে হবে। জ্বালানি বিষয়ক কমিটি থেকে দেখেছি, সরকারের অনেক আমলা বিভিন্ন কোম্পানির এজেন্ট হিসেবে কাজ করে।
তিনি আরও বলেন, আইনমন্ত্রী সত্য চেপে গিয়ে অসত্যকে কাব্যিক আকারে প্রকাশ করেছে। প্রত্যেক নাগরিক ও প্রতিষ্ঠান প্রতারিত অনুভব করছে। আমাদের আবারো ঐক্যবদ্ধ হতে হবে।এছাড়াও কোনো ব্যক্তি যাতে সিস্টেমে ঢুকে শেখ হাসিনা না হয়, এই সিস্টেমের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।











