বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তুরস্কের হুদা পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও আন্তর্জাতিক বিভাগের প্রধান হুসাইন এমির এবং এনজিও বিভাগের প্রধান ফিকির কারাভিল। সাক্ষাৎকালে তুরস্কের হুদা পার্টি ও জামায়াতে ইসলামীর মধ্যে পারস্পরিক যোগাযোগ, সম্পর্ক ও মতবিনিময় ভবিষ্যতে আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
রোববার (৩ মে) দুপুরে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠকে ভ্রাতৃপ্রতিম দুই মুসলিম দেশ বাংলাদেশ ও তুরস্কের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।
এ সময় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, জামায়াত নেতা ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এমপি, ইন্টারন্যাশনাল ইসলামিক ফেডারেশন অব স্টুডেন্ট অর্গানাইজেশন ইফসোর সেক্রেটারি জেনারেল ড. মোস্তফা ফয়সাল পারভেজ এবং বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. হাফিজুর রহমান।











