বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আব্দুল ওয়াহাব সাইদানি।
রোববার (৩ মে) সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠকে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন এবং দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ ও আলজেরিয়ার জনগণের মধ্যকার যোগাযোগ এবং সাংস্কৃতিক মেলবন্ধনের শক্ত ভিত্তির ওপর ভর করে দুই দেশের আগামীর যৌথ অগ্রযাত্রা আরও ত্বরান্বিত হবে।
তিনি বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে আলজেরিয়া সরকারের সমর্থন দুই দেশের বিদ্যমান সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে গেছে।
বাংলাদেশের গণতান্ত্রিক প্রেক্ষাপট তুলে ধরে স্পিকার বলেন, বিগত ১৬ বছরের দুঃশাসনের অবসান ঘটিয়ে ছাত্র-জনতার বিপ্লব ও সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে এ দেশের মানুষ তাদের ভোটাধিকার এবং গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে।
এ সময় তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মত্যাগের কথা বিশেষভাবে স্মরণ করেন।
আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আব্দুল ওয়াহাব সাইদানি বাংলাদেশে অনুষ্ঠিত সর্বশেষ অবাধ ও সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচনের ভূয়সী প্রশংসা করেন।
তিনি দুই দেশের মধ্যে ক্রীড়া, কারিগরি সহায়তা, জাহাজ নির্মাণ শিল্প, তৈরি পোশাক রপ্তানি, শিক্ষা ও জ্বালানি খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।
এ সময় আলজেরিয়া দূতাবাসের প্রতিনিধিদল এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।











