spot_img
spot_img

মিয়ানমারে সেনাবাহিনীর ক্ষমতা দখলে উদ্বেগ জানাল বিএনপি

গণতান্ত্রিকভাবে নির্বাচিত সংসদ বাতিল করে মিয়ানমারের সেনাপ্রধানের নেতৃত্বে রাষ্ট্রক্ষমতা দখলের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ উদ্বেগ জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিবৃতিতে বলা হয়েছে, গণতন্ত্র, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রক্ষমতার পরিবর্তন, আইনের শাসন ও মৌলিক মানবাধিকার অগ্রাহ্য করে জনগণের ওপর কর্তৃত্ববাদী শাসনের নির্মম শিকার বাংলাদেশের জনগণের অভিজ্ঞতার প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনে করে যে, দীর্ঘ আন্দোলনের মাধ্যমে মিয়ানমারের জনগণ গণতান্ত্রিক অধিকার ও শাসনব্যবস্থা অর্জন করেছিল তা কেড়ে নেওয়া অনৈতিক ও অগ্রহণযোগ্য।

এতে বলা হয়, জনগণের দ্বারা নির্বাচিত, জনগণের কাছে দায়বদ্ধ ও জবাবদিহিতার রাজনৈতিক সংস্কৃতির অনুপস্থিতি প্রতিবেশী মিয়ানমারের জনগণ কতটা ক্ষতিগ্রস্ত হবে- তা বাংলাদেশের ভুক্তভোগী জনগণ ভালোভাবেই অনুভব করে বিধায় বাংলাদেশের জনগণ মিয়ানমারে গণতান্ত্রিক শাসনব্যবস্থা অব্যাহত দেখতে চায়।

বিবৃতি আরো বলা হয়, গত কয়েক বছর ধরে মিয়ানমার থেকে বিতাড়িত কয়েক লাখ রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করলেও তাদের নিরাপদ প্রত্যাবর্তনের কোনো ব্যবস্থাই বাংলাদেশ সরকার করতে পারেনি। নতুন এই রাজনৈতিক প্রেক্ষিতে বিষয়টি যাতে আরও দুষ্কর কিংবা জটিল না হয়ে পড়ে সে ব্যাপারে দ্রুত কার্যকর কূটনৈতিক ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছে বিএনপি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ