spot_img
spot_img

ইউক্রেনে আরও হামলার হুমকি রাশিয়ার, বিদেশিদের কিয়েভ ছাড়ার আহ্বান

ইউক্রেনের প্রতিরক্ষা স্থাপনাগুলোতে ধারাবাহিক হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। একই সঙ্গে বিদেশি নাগরিকদের কিয়েভ ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছে মস্কো।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নতুন এই হামলায় কিয়েভের ড্রোন উৎপাদন কেন্দ্রগুলোর পাশাপাশি কমান্ড সেন্টারগুলোকে লক্ষ্যবস্তু করা হবে।

ইউক্রেন বলেছে, রাশিয়ার এই হুমকি ‘নির্লজ্জ ব্ল্যাকমেল ছাড়া আর কিছুই নয়’। পাশাপাশি মস্কোর ওপর চাপ বাড়াতে মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছে কিয়েভ।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, শনিবার রাতে কিয়েভ ও অন্যান্য এলাকায় রাশিয়ার বড় আকারের হামলায় ৪ জন নিহত এবং প্রায় ১০০ জন আহত হয়েছেন।

মস্কো বলেছে, শুক্রবার স্টারোবিলস্ক শহরের একটি ছাত্রাবাসে ইউক্রেনের হামলার জবাবে এই আক্রমণ চালানো হয়েছে। রুশ কর্মকর্তারা জানিয়েছেন, ওই হামলায় ২১ জন নিহত হয়েছিলেন।

সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেন তার ড্রোন যুদ্ধ সক্ষমতা বাড়িয়েছে। রাশিয়ার লক্ষ্যবস্তুতে, বিশেষ করে জ্বালানি অবকাঠামোতে, হামলা চালিয়ে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে কিয়েভ।

চার বছর আগে ইউক্রেনে পূর্ণাঙ্গ আগ্রাসন চালায় মস্কো। এরপর ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ৪টি অঞ্চলকে নিজেদের বলে দাবি করে রাশিয়া।

সূত্র: বিবিসি ও আল জাজিরা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ