গাজ্জা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরের আল-মাওয়াসি এলাকায় দখলদার অবৈধ রাষ্ট্র ইসরাইলি ড্রোন হামলায় ২৮ বছর বয়সী ফিলিস্তিনি নাগরিক উদাই আদলি আল-আসার শহীদ হয়েছেন। যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজ্জার বিভিন্ন এলাকায় দখলদার ইসরাইলি বাহিনীর গুলিবর্ষণ, বিমান হামলা ও গোলন্দাজ হামলা অব্যাহত রয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে আল-মাওয়াসি এলাকায় এ ড্রোন হামলা চালানো হয়। একই দিন গাজ্জা উপত্যকায় টানা ৩৫৩তম দিনে ইসরাইলি বাহিনীর হামলা অব্যাহত ছিল।
স্থানীয় একটি সূত্র জানিয়েছে, রোববার সকালে গাজ্জা শহরের পশ্চিমে শাতি শরণার্থী শিবিরের আল-আবইয়াদ মসজিদের কাছে দখলদার ইসরাইলি ড্রোন হামলায় বেশ কয়েকজন ফিলিস্তিনি আহত হয়েছেন।
স্থানীয় আরেকটি সূত্র জানিয়েছে, গাজ্জা শহরের উত্তরে শেখ রাদওয়ান এলাকার বাজারের আশপাশে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবুর কাছে দখলদার ইসরাইলি ড্রোন হামলায় একজন আহত হয়েছেন।
দখলদার ইসরাইলি যুদ্ধবিমান শেখ রাদওয়ান এলাকায় দুটি বিমান হামলা চালিয়েছে। একই সময়ে ইসরাইলি ট্যাংক ও যুদ্ধজাহাজ থেকে গাজ্জা শহরের উত্তর-পশ্চিমাঞ্চলের বিভিন্ন এলাকায় ব্যাপক গুলিবর্ষণ করা হয়েছে।
দখলদার অবৈধ রাষ্ট্র ইসরাইলি সামরিক যান থেকে বেইত লাহিয়ার পশ্চিমাঞ্চলেও ব্যাপক গুলিবর্ষণ করা হয়েছে। একই সময়ে ট্যাংক ও যুদ্ধজাহাজ থেকে শহরের উত্তর-পশ্চিমাঞ্চল ও এর আশপাশের এলাকায় গুলি চালানো হয়েছে।
ইসরাইলি দখলদার বাহিনীর গোলন্দাজ ইউনিট রাফাহর আল-মাওয়াসি এলাকায় গোলাবর্ষণ করেছে। একই সময়ে ইসরাইলি সামরিক যান থেকে ব্যাপক গুলিবর্ষণ করা হয়েছে। ইসরাইলি সামরিক হেলিকপ্টার থেকেও আল-মাওয়াসি এলাকার দক্ষিণাঞ্চলে গুলি চালানো হয়েছে।
এ ছাড়া গাজ্জা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরের পূর্বাঞ্চলেও ইসরাইলি সামরিক যান থেকে গুলিবর্ষণ করা হয়েছে।
সূত্র : দ্য প্যালেস্টাইন ইনফরমেশন সেন্টার











