বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর কোনো আঘাত এলে প্রথম প্রতিঘাত নিষিদ্ধ আওয়ামী লীগ ও আধিপত্যবাদীদের এদেশীয় দালালদের ওপর হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ হুঁশিয়ারি দেন তিনি।
পোস্টে আসিফ মাহমুদ লিখেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের ওপর কোনো আঘাত এলে আমরা প্রথম প্রতিঘাত করবো লীগ এবং আধিপত্যবাদীদের এদেশীয় দালালদের ওপর। ভেতরে দালাল রেখে কোন যুদ্ধে জয়ী হওয়া যায় না।
এর আগে মঙ্গলবার বাংলাদেশ দখলের বিতর্কিত হুমকি দেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা ও পরিবহনমন্ত্রী অর্জুন সিং। তার এ বক্তব্যের পর তীব্র আলোচনা-সমালোচনা শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে পশ্চিমবঙ্গ বিজেপির শীর্ষ নেতারাও তৎপর হয়েছেন বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।
পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার নোয়াপাড়া বিধানসভার বিজেপি বিধায়ক অর্জুন সিং মঙ্গলবার হুমকি দিয়ে বলেন, আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশ নিয়ে নেবো।
এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, বিশ্বের সব জায়গায় রাজনীতিতে এরকম কিছু পাগল থাকে। বাংলাদেশের সম্পর্ক ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে।











