আফগানিস্তানের মুখপাত্র মাওলানা জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, রাশিয়া ছাড়া এখনো কোনো দেশ ইমারাতে ইসলামিয়াকে স্বীকৃতি দেয়নি। সাড়ে চার বছরের বেশি সময় পেরিয়ে গেলেও অনেক দেশ এখনো আফগানিস্তানের সঙ্গে সম্পৃক্ত হতে প্রস্তুত নয়।
আফগানভিত্তিক গণমাধ্যম তোলো নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
মাওলানা মুজাহিদ বলেন, রাশিয়ার মতো অন্য দেশগুলোকেও শক্তিধর রাষ্ট্রগুলোর চাপ উপেক্ষা করে স্বাধীনভাবে আফগানিস্তানের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তোলা উচিত।
তিনি বলেন, “আমরা চাই, অন্যান্য দেশও তাদের হিসাব-নিকাশ ও সিদ্ধান্তে স্বাধীন হোক এবং আফগানিস্তানের সঙ্গে ভালো সম্পর্ক প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিক।”
তিনি কোনো দেশের নাম উল্লেখ না করে অভিযোগ করেন, কিছু দেশের গোয়েন্দা সংস্থা আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে অঞ্চল ও বিশ্বের কাছে ভুল তথ্য ছড়িয়ে উদ্বেগ তৈরি করছে।
তিনি উল্লেখ করেন, এসব তথ্য ইমারাতে ইসলামিয়ার পুনরায় ক্ষমতায় ফেরার আগের সময়ের।
আফগান মুখপাত্র জোর দিয়ে বলেন, বর্তমানে আফগানিস্তানে এমন কোনো সক্রিয় সশস্ত্র গোষ্ঠী নেই, যা বিশ্বের জন্য হুমকি হতে পারে।
তিনি বলেন, “ইমারাতে প্রতিষ্ঠার আগে, কাবুলের পূর্ববর্তী প্রশাসন এবং আমেরিকার উপস্থিতির সময় বলা হয়েছিল যে আফগানিস্তানে ২০টি গোষ্ঠী রয়েছে। এমনকি আফগানিস্তানের ইসলামিক পার্টিকেও ওই তালিকায় রাখা হয়েছিল।”
আঞ্চলিক ও আন্তর্জাতিক বৈঠকে ইমারাতে ইসলামিয়ার প্রতিনিধিদের অংশগ্রহণের বিষয়েও গুরুত্বারোপ করেন মুজাহিদ।
তিনি বলেন, এসব বৈঠকে অংশগ্রহণের মাধ্যমে বিভিন্ন উদ্বেগের জবাব দেওয়া সম্ভব এবং ভিত্তিহীন প্রচারণাও যথাযথভাবে প্রত্যাখ্যান করা যায়।
এ ছাড়া ইরান ও আমেরিকার মধ্যকার যুদ্ধ প্রসঙ্গে মাওলানা মুজাহিদ বলেন, ইমারাতে ইসলামিয়া এ বিষয়ে নিরপেক্ষ অবস্থান নিয়েছে এবং যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে।
সূত্র: তোলো নিউজ











