spot_img
spot_img

কুরবানীর পশুর চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতের দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুরবানীর পশুর চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত এবং চামড়া শিল্প রক্ষার দাবিতে রাজধানীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) বিকালে রাজধানীর তোপখানা রোডে শিশু কল্যাণ পরিষদ কনফারেন্স মিলনায়তনে চামড়া শিল্প রক্ষা কমিটির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় সরকারের সংশ্লিষ্ট মহলের প্রতি কয়েকটি দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো:

১. কুরবানীর পশুর চামড়ার সরকার নির্ধারিত ন্যূনতম ন্যায্যমূল্য বাস্তবায়নে কার্যকর মনিটরিং টিম গঠন করতে হবে।

২. এতিমখানা, মাদরাসা ও সাধারণ মানুষের কাছ থেকে চামড়া ক্রয়ে সিন্ডিকেট ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

৩. সারাদেশে পর্যাপ্ত লবণ সরবরাহ ও স্বল্পমূল্যে বিতরণের মাধ্যমে চামড়া সংরক্ষণের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

৪. ট্যানারি শিল্পের আধুনিকায়ন ও পরিবেশবান্ধব ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।

৫. চামড়া রপ্তানিতে বিদ্যমান জটিলতা কমিয়ে আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে কার্যকর উদ্যোগ নিতে হবে।

৬. চামড়া শিল্প রক্ষায় দীর্ঘমেয়াদি নীতিমালা প্রণয়ন এবং সংশ্লিষ্ট ব্যবসায়ী, আলেম সমাজ ও বিশেষজ্ঞদের সমন্বয়ে জাতীয় টাস্কফোর্স গঠন করতে হবে।

জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের সভাপতি ও চামড়া শিল্প রক্ষা কমিটির আহ্বায়ক মুফতী আবদুল্লাহ ইয়াহইয়ার সভাপতিত্বে এবং কমিটির সদস্য সচিব মুফতী আফজাল হুসাইনের পরিচালনায় মতবিনিময় সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা আব্দুল কাইয়ুম কাসেমী, মাওলানা মীর ইদরীস, মাওলানা এনামুল হক মুসা, মাওলানা ড. শোআইব আহমদ, মাওলানা রুহুল আমিন সাদী, মাওলানা আতাউর রহমান আতিকী, মাওলানা মুফতী জোবায়ের গণী, মুফতী ইমরানুল বারি সিরাজী, ড. শহীদুল ইসলাম ফারুকী প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ