সৌদি আরবের ঐতিহ্যবাহী ও বিশ্বজুড়ে ‘বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক কুরআন হিফজ, তেলাওয়াত ও তাফসির প্রতিযোগিতা’য় প্রথমবারের মতো নারী বিভাগ যুক্ত করা হয়েছে। ফলে আসন্ন ৪৬তম আসরে নারী প্রতিযোগীরাও আনুষ্ঠানিকভাবে অংশ নেওয়ার সুযোগ পাবেন।
রোববার (১০ মে) সৌদি প্রেস এজেন্সির বরাতে এ তথ্য প্রকাশ করেছে আরব নিউজ।
সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ সম্প্রতি এ সিদ্ধান্ত অনুমোদন দিয়েছেন।
সৌদি প্রেস এজেন্সি বলেছে, সৌদি আরবের ইসলাম বিষয়ক মন্ত্রী শায়খ ড. আবদুল লতিফ বিন আবদুল আজিজের প্রস্তাবের ভিত্তিতে এ অনুমোদন দিয়েছেন বাদশাহ সালমান। ১৯৭৯ সালে প্রতিযোগিতাটি চালুর পর এবারই প্রথম নারী হাফেজাদের জন্য সরকারিভাবে অংশগ্রহণের সুযোগ তৈরি হলো।
প্রতিবছর মক্কার পবিত্র মসজিদুল হারামে আয়োজিত এ আন্তর্জাতিক প্রতিযোগিতা মুসলিম বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ কুরআনিক আয়োজন হিসেবে বিবেচিত হয়ে আসছে।
এ বছরের প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী ১৯ আগস্ট।











