জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান জাদুঘর ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্বৈরাচারবিরোধী সংগ্রামের এক অনন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
মঙ্গলবার (১২ মে) জাদুঘর পরিদর্শন শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
স্পিকার বলেন, এই জাদুঘর যতদিন টিকে থাকবে, ততদিন দেশের মানুষের স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রামের ইতিহাস ও চেতনা জীবন্ত থাকবে। তিনি আরও বলেন, দেশের গণতান্ত্রিক আন্দোলন ও আত্মত্যাগের ইতিহাস এই জাদুঘরে অত্যন্ত নান্দনিকভাবে সংরক্ষণ করা হয়েছে।
তিনি জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমসহ অন্যান্য শহীদদের আত্মত্যাগকে জাতির জন্য অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেন। স্পিকার বলেন, ১৯৭১ থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশের প্রতিটি গণতান্ত্রিক ও স্বৈরাচার বিরোধী আন্দোলনে সাধারণ মানুষের আত্মত্যাগ গণতন্ত্র প্রতিষ্ঠায় অনন্য। জুলাই গণঅভ্যুত্থানে জনমানুষের আত্মত্যাগ বিশ্বের জন্য একটি উদাহরণ হয়ে থাকবে। তিনি বলেন, জুলাইযোদ্ধারা জাতির ভবিষ্যতের জন্য তাদের বর্তমানকে উৎসর্গ করেছেন।











