ভারতের পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর নির্যাতন, বাড়িঘর ভাঙচুর, মসজিদে অগ্নিসংযোগ এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বাংলাদেশ ও মুসলিম বিদ্বেষী বক্তব্যের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ মে) বিকেলে খুলনা জেলা ইমাম পরিষদের উদ্যোগে নগরীর ডাকবাংলা চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সমাবেশে বক্তারা শুভেন্দু অধিকারীকে প্রকাশ্যে মুসলমানদের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। তারা বলেন, ক্ষমা না চাইলে উদ্ভূত পরিস্থিতির দায় মুসলমানদের ওপর বর্তাবে না।
বক্তারা জাতীয় সংসদে শুভেন্দু অধিকারীর বক্তব্যের নিন্দা জানিয়ে প্রতিবাদ প্রস্তাব গ্রহণের দাবি জানান। একই সঙ্গে তারা বলেন, এ বিষয়ে সরকার নীরব থাকলে সেটি মুসলিম বিদ্বেষের প্রতি সমর্থন হিসেবে গণ্য হতে পারে।
খুলনা জেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা গোলাম কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন মাওলানা আবু বকর সিদ্দিক, মাওলানা নূর সাঈদ জালালী, মাওলানা হেকমত আলী, শেখ মো. নাছির উদ্দিন ও মাওলানা আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।











