spot_img
spot_img

এবার হজের খুতবা দেবেন মসজিদে নববীর ইমাম শায়খ হুজাইফি

চলতি বছর আরাফাতের ময়দানে হজে অংশগ্রহণকারী মুসলিম উম্মাহর উদ্দেশে খুতবা প্রদান করবেন মসজিদে নববীর প্রবীণ ইমাম ও খতিব শায়খ আলী বিন আবদুর রহমান আল-হুজাইফি।

আগামী ৯ জিলহজ আরাফাতের ময়দানে হজের গুরুত্বপূর্ণ এই খুতবা দেবেন তিনি। সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এক রাজকীয় ফরমানে তাকে এ দায়িত্বের জন্য অনুমোদন দেন বলে দুই মসজিদভিত্তিক ওয়েবসাইট ইনসাইড দ্য হারামাইন জানিয়েছে।

শায়খ আলী বিন আবদুর রহমান আল-হুজাইফি ১৯৪৭ সালের ২২ মে সৌদি আরবের মক্কা প্রদেশে জন্মগ্রহণ করেন। তিনি ইমাম মুহাম্মদ ইবনে সৌদ ইসলামিক ইউনিভার্সিটি থেকে শরিয়াহ বিষয়ে স্নাতক এবং পরবর্তীতে মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয় থেকে ইসলামি আইনে স্নাতকোত্তর ও পিএইচডি সম্পন্ন করেন।

১৯৭৯ সাল থেকে তিনি মসজিদে নববীর ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। ১৯৮১ সালে তিনি মসজিদুল হারামে তারাবির নামাজেও ইমামতি করেন এবং ১৯৮৭ সালে কুবা মসজিদের খতিব হিসেবেও দায়িত্ব পালন করেন। সুললিত কুরআন তেলাওয়াত ও হৃদয়গ্রাহী কণ্ঠের জন্য তিনি মুসলিম বিশ্বে ব্যাপকভাবে সমাদৃত।

৯ জিলহজ আরাফার দিন মসজিদে নামিরাহ থেকে প্রদত্ত খুতবা হজের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হয়। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত লাখো মুসলিম হাজ্বীর জন্য এই খুতবা আধ্যাত্মিক দিকনির্দেশনা হিসেবে কাজ করে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ