spot_img
spot_img

আমেরিকা থেকে ৪৩ কোটি ডলারের অস্ত্র কিনছে ভারত

আমেরিকার কাছ থেকে প্রায় ৪৩ কোটি ডলারের অস্ত্র কিনছে ভারত। সোমবার (১৮ মে) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়েছে, আমেরিকার কাছ থেকে দুই ধরনের সমরাস্ত্র কিনছে ভারত। এগুলো হলো এইচ-৬৪ই অ্যাপাচে হেলিকপ্টার এবং এম-৭৭৭ এ২ আলট্রা-লাইট হাউইৎজার। দুই চালানে এসব সমরাস্ত্র ভারতে পাঠানো হবে।

আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ৪২ কোটি ৮২ লাখ ডলারের এই বাজেটের অর্ধেকেরও বেশি, ২৩ কোটি ডলার বরাদ্দ করা হয়েছে এম-৭৭৭ এ২ আলট্রা-লাইট হাউইৎজার এবং এর সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন খাতে।

বিবৃতিতে বলা হয়, এম-৭৭৭ এ২ আলট্রা-লাইট হাউইৎজার, এর আনুষাঙ্গিক উপাদান, স্পেয়ার, মেরামত, প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহায়তা, ফিল্ড সার্ভিস, ডিপো সক্ষমতা এবং লজিস্টিক ও প্রোগ্রাম সাপোর্টের সঙ্গে সংশ্লিষ্ট খাতের জন্য এই অর্থ বরাদ্দ করা হয়েছে।

বাকি ১৯ কোটি ৮২ লাখ ডলারে অ্যাপাচে হেলিকপ্টার কিনছে ভারত। তবে কয়টি হেলিকপ্টার কেনা হচ্ছে, তা বিবৃতিতে উল্লেখ করা হয়নি।

আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, এই প্রস্তাবিত অস্ত্র বিক্রি আমেরিকার-ভারতীয় কৌশলগত সম্পর্ককে শক্তিশালী করবে এবং প্রধান প্রতিরক্ষা অংশীদার ভারতের নিরাপত্তা উন্নত করার মাধ্যমে আমেরিকার পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তার লক্ষ্যকে সমর্থন করবে।

বিবৃতিতে ভারতকে ইন্দো-প্যাসিফিক ও দক্ষিণ এশিয়া অঞ্চলে রাজনৈতিক স্থিতিশীলতা, শান্তি এবং অর্থনৈতিক অগ্রগতির জন্য গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে উল্লেখ করেছে আমেরিকা।

সূত্র: এনডিটিভি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ