spot_img
spot_img

সাবেক ডিবিপ্রধান হারুনসহ ২ জনের আয়কর নথি জব্দের নির্দেশ আদালতের

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ ও তার সহযোগী হিসেবে পরিচিত প্রেসিডেন্ট রিসোর্ট অ্যান্ড এগ্রো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ বি এম শাহারিয়ারের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৯ মে) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর আদালত এ নির্দেশ দেন।

দুদকের পক্ষ থেকে জানানো হয়, অবৈধ সম্পদ অর্জন এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অপরাধে সহায়তার অভিযোগের তদন্তের স্বার্থে সংশ্লিষ্টদের আয়কর নথি জব্দের আবেদন করা হয়েছিল।

দুদকের উপ-পরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন আদালতে আবেদনটি করেন। আবেদনে বলা হয়, এ বি এম শাহারিয়ারের বিরুদ্ধে ১২ কোটি ৯৬ লাখ ৮৭ হাজার ৬০৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা রয়েছে।

এছাড়া, ডিবির সাবেক প্রধান হারুন অর রশীদের বিরুদ্ধে পুলিশের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে ওই অপরাধে সহায়তার অভিযোগ আনা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ