spot_img
spot_img

আমেরিকা আবার হামলা চালালে যুদ্ধ মধ্যপ্রাচ্যের বাইরেও ছড়িয়ে পড়বে: ইরান

ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, আমেরিকা আবার হামলা চালালে যুদ্ধ মধ্যপ্রাচ্যের বাইরেও ছড়িয়ে পড়বে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে সামরিক অভিযান শুরু করার সিদ্ধান্ত থেকে ‘মাত্র এক ঘণ্টা দূরে’ ছিলেন বলে মন্তব্য করার পর বুধবার (২০ মে) ইরানের পক্ষ থেকে এ হুঁশিয়ারি দেওয়া হয়।

রয়টার্স জানিয়েছে, ইরান এ সপ্তাহে আমেরিকার কাছে নতুন একটি প্রস্তাব দিয়েছে। তবে প্রকাশ্য বক্তব্যে তেহরান এমন কিছু শর্ত পুনরাবৃত্তি করেছে, যেগুলো ট্রাম্প আগেই প্রত্যাখ্যান করেছিলেন। এসব শর্তের মধ্যে রয়েছে হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ, যুদ্ধক্ষতির ক্ষতিপূরণ, নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দকৃত সম্পদ মুক্ত করা এবং অঞ্চল থেকে আমেরিকান সেনা প্রত্যাহার।

ট্রাম্প সোমবার জানান, তিনি নতুন বোমা হামলার নির্দেশ দেওয়ার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। তবে কূটনীতির জন্য আরও সময় দিতে শেষ মুহূর্তে সিদ্ধান্ত স্থগিত করেন।

পরে মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, “আজ সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি এক ঘণ্টা দূরে ছিলাম।”

ইরান বারবার হুঁশিয়ারি দিয়ে বলেছে, নতুন কোনো হামলা হলে তারা মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি থাকা দেশগুলোতে পালটা আঘাত হানবে। তবে বুধবার তেহরান ইঙ্গিত দেয়, এবার লক্ষ্যবস্তু অঞ্চলটির বাইরেও বিস্তৃত হতে পারে।

রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, “ইরানের বিরুদ্ধে আগ্রাসন পুনরাবৃত্তি হলে প্রতিশ্রুত আঞ্চলিক যুদ্ধ এবার অঞ্চল ছাড়িয়ে বিস্তৃত হবে।”

এদিকে, জ্বালানির দাম বৃদ্ধির কারণে নভেম্বরের কংগ্রেস নির্বাচন সামনে রেখে ট্রাম্পের রিপাবলিকান পার্টি চাপের মুখে রয়েছে। এপ্রিলের শেষ দিকে যুদ্ধবিরতির পর থেকে ট্রাম্পের প্রকাশ্য মন্তব্যে কখনও নতুন করে বোমা হামলার হুমকি, আবার কখনও শান্তিচুক্তি আসন্ন, এমন দাবি শোনা গেছে।

মঙ্গলবার ট্রাম্প বলেন, যুদ্ধ “খুব দ্রুত” শেষ হয়ে যাবে। গত মাসে অনুষ্ঠিত একমাত্র শান্তি আলোচনায় মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্বদানকারী ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও অগ্রগতির কথা বলেছেন।

হোয়াইট হাউস ব্রিফিংয়ে তিনি বলেন, “আমরা এখানে বেশ ভালো অবস্থানে আছি।”

আমেরিকার অবস্থানের এই ওঠানামা তেলের বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি করেছে। যদিও মে মাসের শুরু থেকে সপ্তাহভিত্তিক দাম বাড়ছেই। বুধবার সকালে এক মাস মেয়াদি বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম প্রায় ১.৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১১০ ডলারের সামান্য নিচে নেমেছে। তবে এখনো তা গত সপ্তাহের তুলনায় অনেক বেশি।

সূত্র: রয়টার্স

spot_img
spot_img
spot_img

সর্বশেষ