ভারতের পশ্চিমবঙ্গে সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের পর এবার রাজ্যের সব মাদরাসায়ও বাধ্যতামূলকভাবে ‘বন্দে মাতরম’ গাওয়ার নিয়ম চালু করেছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার।
রাজ্য সরকারের প্রশাসনিক আদেশে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের সব স্বীকৃত মাদরাসায় প্রতিদিন ক্লাস শুরুর আগে গানটি গাইতে হবে। খবর এনডিটিভির।
এর আগে গত সপ্তাহে একই ধরনের নির্দেশনা জারি করে রাজ্যের সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক করা হয়েছিল। এনডিটিভির ভিডিও প্রতিবেদনে বলা হয়েছে, স্কুলে বাধ্যতামূলক করার এক সপ্তাহ পর রাজ্যের সব মাদরাসায়ও এই নিয়ম চালু করা হয়েছে।
রাজ্য সরকারের সংখ্যালঘু বিষয়ক ও মাদরাসা শিক্ষা দপ্তরের আওতাধীন মাদরাসা অধিদপ্তর থেকে জারি করা সর্বশেষ আদেশে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের সব স্বীকৃত, সরকারি সহায়তাপ্রাপ্ত এবং বেসরকারি মাদরাসার ক্ষেত্রে এই নতুন নিয়ম অবিলম্বে কার্যকর হবে।
প্রতিদিন সকালের প্রাক-ক্লাস সমাবেশ বা দৈনিক প্রার্থনার সময় শিক্ষার্থীদের বাধ্যতামূলকভাবে গানটি গাইতে হবে। এর মাত্র এক সপ্তাহ আগেই স্কুল শিক্ষা দপ্তরের আওতাধীন সব স্কুলের জন্য একই নিয়ম জারি করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
এ বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এক অনলাইন পোস্টে পূর্ববর্তী সব রাজ্য নির্দেশনা বাতিলের ঘোষণা দিয়ে জানান, পশ্চিমবঙ্গ সরকার তাৎক্ষণিকভাবে স্কুল ও মাদরাসা শিক্ষা দপ্তরের আওতাধীন সব শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস শুরুর আগে সকালের সমাবেশে ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক করেছে।
এনডিটিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে ভারতের ঐতিহাসিক স্বাধীনতা আন্দোলনে ‘বন্দে মাতরম’ ছিল স্বাধীনতাকামীদের অন্যতম প্রধান স্লোগান ও অনুপ্রেরণা। চলতি বছরের রাজ্য বিধানসভা নির্বাচনের আগে গানটি আবারও তীব্র রাজনৈতিক আলোচনার কেন্দ্রে উঠে আসে।
মূলত চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ভারতের কেন্দ্রীয় সরকার ‘বন্দে মাতরম’ গানটিকে দেশটির মূল জাতীয় সংগীত ‘জন গণ মন’-এর সমমর্যাদা দেয়। কেন্দ্রীয় সরকারের সেই সিদ্ধান্তের ধারাবাহিকতায় এবার রাজ্য স্তরেও বিভিন্ন সরকারি অনুষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রাত্যহিক কর্মসূচিতে জাতীয় সংগীতের পাশাপাশি ‘বন্দে মাতরম’-এর পূর্ণাঙ্গ ছয়টি স্তবক গাওয়া বাধ্যতামূলক করার প্রক্রিয়া শুরু হয়েছে।
সম্প্রতি ভারতের তামিলনাড়ু ও কেরালার মতো অন্যান্য রাজ্যেও সরকারি শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে ‘বন্দে মাতরম’ গানটি নিয়ে ব্যাপক রাজনৈতিক বিতর্ক ও সমালোচনা তৈরি হয়েছে। চেন্নাইয়ের একটি সরকারি অনুষ্ঠানে মূল জাতীয় সংগীতের আগে পূর্ণাঙ্গ ‘বন্দে মাতরম’ বাজানোর সিদ্ধান্ত নিয়ে ডিএমকে দলীয় মুখ্যমন্ত্রী জোসেফ বিজয় তীব্র কটাক্ষের মুখে পড়েন।
সূত্র: এনডিটিভি











