ইমারাতে ইসলামিয়ার মুখপাত্র মাওলানা জবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, আফগানিস্তানের কোনো সিদ্ধান্ত ও আইন শরিয়তের বিরুদ্ধে নয়। যারা ইসলামের বিধান মেনে চলেন, স্বামী-স্ত্রীর বিচ্ছেদসংক্রান্ত নীতিমালা নিয়ে তাদের উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই।
সম্প্রতি স্বামী-স্ত্রীর বিচ্ছেদসংক্রান্ত নীতিমালা নিয়ে ওঠা সমালোচনার জবাবে তিনি এ কথা বলেন।
মাওলানা মুজাহিদ বলেন, যারা দ্বীনের ব্যাপারে আপত্তি তোলে, তাদের সমালোচনা নতুন নয় এবং এসব সমালোচনাকে গুরুত্ব দেওয়া উচিত নয়।
নীতিমালাটির বিষয়ে ইঙ্গিত করে তিনি বলেন, শরিয়তে পিতা ও দাদার অধিকার রয়েছে, তারা কন্যা ও নাতনিকে শৈশবেই বিয়ে দিতে পারেন। তবে শর্ত হলো, তারা স্নেহশীল হতে হবে, তাদের নিষ্ঠুরতার কোনো অতীত ইতিহাস থাকা যাবে না, মানসিক বিকারগ্রস্ত হওয়া যাবে না, মাদকাসক্ত হওয়া যাবে না এবং দারিদ্র্যের চাপে থাকা যাবে না।
ইমারাতে ইসলামিয়ার মুখপাত্র বলেন, এই নীতিমালা সিদ্ধান্ত গ্রহণে সহজতা তৈরির জন্য জারি করা হয়েছে, শিশুদের বিয়ে দেওয়ার উদ্দেশ্যে নয়।
তিনি জোর দিয়ে বলেন, মাননীয় আমীরুল মু’মিনীন হাফিজাহুল্লাহ এর ফরমান অনুযায়ী, কোনো ব্যক্তি কোনো মেয়েকে তার সম্মতি ছাড়া বিয়ে দিতে পারে না।
মাওলানা জবিহুল্লাহ মুজাহিদের ভাষ্যমতে, গত বছর ইমারাতে ইসলামিয়ার আদালতগুলো এবং সৎকাজের আদেশ, অসৎকাজে নিষেধ ও অভিযোগ শোনার মন্ত্রণালয় জোরপূর্বক বিয়ের হাজারো মামলা সমাধান করেছে। এটি ইমারাতে ইসলামিয়ার গুরুত্ব ও দায়িত্বশীলতার প্রমাণ বহন করে।
সূত্র: আরটিএ











