ইরানের কাছে থাকা উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার অঙ্গীকার করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি বলেন, “আমরা এটা নিয়েই আসব।”
বৃহস্পতিবার (২১ মে) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অঙ্গীকার করেন।
ট্রাম্প বলেন, “আমাদের এটার (ইউরেনিয়াম) প্রয়োজন নেই, আমরা এটা চাইও না। সম্ভবত হাতে পাওয়ার পর আমরা এটি ধ্বংস করে দেব। কিন্তু আমরা তাদের কাছে এটা থাকতে দেব না।”
এদিকে, ইরানের হাতে থাকা ইউরেনিয়াম অন্য কোনো দেশে পাঠানো যাবে না বলে নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। ইরানের দুই জ্যেষ্ঠ সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ইরানের এক সূত্র রয়টার্সকে বলেন, “সর্বোচ্চ নেতার নির্দেশ এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ঐকমত্য হলো, সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত দেশের বাইরে যাবে না।”
সূত্রগুলোর দাবি, ইরানের শীর্ষ কর্মকর্তারা মনে করছেন, ইউরেনিয়াম বিদেশে পাঠানো হলে ভবিষ্যতে আমেরিকা বা ইসরাইলের হামলার মুখে দেশটি আরও দুর্বল হয়ে পড়বে।
সূত্র: এনডিটিভি











