আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান বর্তমানে আমেরিকার সঙ্গে একটি নতুন চুক্তিতে পৌঁছানোর জন্য তীব্রভাবে চেষ্টা করছে। ওয়াশিংটনে হোয়াইট হাউস থেকে সরাসরি সম্প্রচারিত এক বিশেষ ব্রিফিংয়ে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, এই মুহূর্তে তাদের কাছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও সেরা সামরিক বাহিনী রয়েছে।
এ সময় তিনি ভেনেজুয়েলার রাজনৈতিক সংকট এবং ইরানের বিরুদ্ধে আমেরিকান প্রশাসনের সাম্প্রতিক কৌশলগত পদক্ষেপ ও সামরিক তৎপরতার প্রসঙ্গ টেনে আনেন।
ইরানের বর্তমান পরিস্থিতি এবং আমেরিকান নিষেধাজ্ঞার প্রভাব উল্লেখ করে ট্রাম্প বলেন, ইরান এখন একটি চুক্তি করার জন্য মরিয়া হয়ে উঠেছে। তবে সামনে কী ঘটে, তা দেখতে হবে।
তিনি বলেন, ইরানের ওপর আমেরিকান প্রশাসন সর্বোচ্চ চাপ প্রয়োগ করেছে এবং দেশটির ওপর অত্যন্ত জোরালো আঘাত হানা হয়েছে।
কঠোর এই পদক্ষেপের পক্ষে যুক্তি দিয়ে ট্রাম্প বলেন, তাদের সামনে এটি করা ছাড়া আর কোনো বিকল্প ছিল না। কারণ ইরান কোনো অবস্থাতেই পারমাণবিক অস্ত্র তৈরি বা অর্জন করতে পারে না। আমেরিকা তাদের এটি কোনোভাবেই করতে দেবে না।
বিশ্লেষকদের মতে, ইরানের ওপর আমেরিকার অর্থনৈতিক ও রাজনৈতিক নিষেধাজ্ঞার ব্যাপক প্রভাব পড়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের এই বক্তব্য সেই ইঙ্গিতই বহন করে।
পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করে ইরানকে একটি নতুন ও কঠোর চুক্তিতে বাধ্য করাই ওয়াশিংটনের মূল লক্ষ্য, ট্রাম্পের এই হুঁশিয়ারিতে তা আবারও স্পষ্ট হয়েছে।
সূত্র: আল জাজিরা।











