spot_img
spot_img

সুন্দর বাংলাদেশ গড়তে সবার দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা সেনানিবাসের জিয়া কলোনিতে আয়োজিত প্রীতিভোজ অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা দেশকে একটি সুন্দর জায়গায় দেখতে চাই।

বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে ‘মৃত্যুঞ্জয়ী পঁচিশ’ আয়োজিত এ প্রীতিভোজ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সেনানিবাসে এলে অন্যরকম লাগে। মনে হয় নিজের জায়গা। কারণ এখানে আমার সুখ-দুঃখের অনেক স্মৃতি রয়েছে।

তিনি বলেন, আমরা দেশকে একটা সুন্দর জায়গায় দেখতে চাই। আমরা চেষ্টা করছি, পর্যায়ক্রমে সবার জন্য দেশ গড়তে। যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করলে আমরা কাঙ্ক্ষিত দেশ গড়তে পারব। আমরা যাতে প্রত্যাশিত বাংলাদেশ গড়তে পারি, সেটিই চাওয়া।

বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারিত্ব ও দায়িত্ববোধের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর উন্নত পেশাদার মান, দায়িত্ববোধ এবং দুর্যোগ মোকাবিলাসহ দেশের যেকোনো প্রয়োজনে জনগণের পাশে দাঁড়ানোর ঐতিহ্য আমাকে গর্বিত করে।

তিনি বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী সব সময় রাষ্ট্রের আস্থার প্রতীক হিসেবে দায়িত্ব পালন করে আসছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, দুর্যোগ মোকাবিলা থেকে শুরু করে জাতীয় যেকোনো প্রয়োজনে সেনাবাহিনীর অবদান দেশের মানুষের কাছে গভীরভাবে মূল্যায়িত। আশা করি বাংলাদেশ সেনাবাহিনীর প্রত্যেক সদস্য ভবিষ্যতেও একই নিষ্ঠা, পেশাদারিত্ব ও দেশপ্রেম নিয়ে জাতির সেবায় নিয়োজিত থাকবেন।

প্রীতিভোজ শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত সেনাসদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পরে সেনা মেসে অবস্থানরত সৈনিকদের জীবনযাপনের খোঁজখবর নেন তিনি।

এরপর সেনা মেস চত্বরে একটি নিমগাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি পরিদর্শন বইয়েও স্বাক্ষর করেন।

এছাড়া সেনা মেসের মসজিদে জোহরের নামাজ আদায়ের পর উপস্থিত সেনা কর্মকর্তা ও সেনাসদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ