কুয়েতে আফগানিস্তানের দূতাবাস ইমারাতে ইসলামিয়ার কাছে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) সংশ্লিষ্ট সূত্রের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তোলো নিউজ।
সূত্রগুলোর তথ্যমতে, দূতাবাসের ভারপ্রাপ্ত প্রধান হিসেবে শফিক খতিবকে নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে শফিক খতিব আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার অ্যাফেয়ার্স বিভাগের পরিচালক এবং বর্ডার অ্যাফেয়ার্স বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
রাজনৈতিক বিশ্লেষক ইদরিস মুহাম্মাদী জাজি বলেন, “সার্বভৌম রাষ্ট্রগুলোর দূতাবাস ও কনস্যুলেট পরিচালনার অধিকার রয়েছে। আর সরকারগুলো জনগণের কাছ থেকেই তাদের বৈধতা লাভ করে। কুয়েতে বসবাসরত আফগানদের কনস্যুলার ও কূটনৈতিক সেবা পাওয়া প্রয়োজন। সরকারের জন্য এই পদক্ষেপ আন্তর্জাতিক স্বীকৃতির বিষয়েও সহায়ক ভূমিকা রাখে।”
কুয়েতের পাশাপাশি রাশিয়া, চীন, সংযুক্ত আরব আমিরাত, উজবেকিস্তান, ওমান ও কাতারসহ বেশ কয়েকটি দেশ ইমারাতে ইসলামিয়া নিয়োজিত কূটনীতিকদের আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছে।
ইমারাতে ইসলামিয়ার তথ্যমতে, বর্তমানে বিদেশে তাদের ৪০টিরও বেশি কূটনৈতিক মিশন কার্যক্রম পরিচালনা করছে।
সাবেক কূটনীতিক আজিজ মারিজ বলেন, “অন্যান্য দেশের সঙ্গে, বিশেষ করে কুয়েতের মতো ইসলামী দেশগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন ও সম্প্রসারণ উভয় পক্ষের জন্যই লাভজনক। এটি আফগানিস্তানকে আন্তর্জাতিক বিচ্ছিন্নতা থেকে বেরিয়ে আসতে সহায়তা করতে পারে। কুয়েতও আফগানিস্তানে বিনিয়োগে আগ্রহী।”
গত চার বছরে ইমারাতে ইসলামিয়া অঞ্চলের অধিকাংশ দেশের সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক গড়ে তুলেছে। তবে রাশিয়া ছাড়া এখন পর্যন্ত আর কোনো দেশ বর্তমান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি।
সূত্র: তোলো নিউজ











