দক্ষিণ সিরিয়ার কুনেইত্রায় অনুপ্রবেশ করে চার শিশুকে মারধর করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি বাহিনী।
সোমবার (৯ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।
সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল আল-ইখবারিয়া জানিয়েছে, “ইসরাইলি দখলদার বাহিনী দক্ষিণ কুনেইত্রার গ্রামাঞ্চলে আল-রাফিদ শহরের পশ্চিমের এলাকায় প্রবেশ করে। সেখানে তারা চার অপ্রাপ্তবয়স্ককে মারধর করে এবং তাদের ফোন জব্দ করে।”
এর আগে রবিবার আল-ইখবারিয়া জানিয়েছিল, “ইসরাইলি দখলদার বাহিনী পাঁচটি সামরিক যান ও ৩০ জনের বেশি সেনা নিয়ে উত্তর কুনেইত্রার গ্রামাঞ্চলে আল-হুররিয়াহ গ্রামে প্রবেশ করে। এরপর তারা কয়েকটি বাড়িতে তল্লাশি চালায়।”
সিরীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, ইসরাইলি বাহিনী দক্ষিণ সিরিয়ায় প্রায় প্রতিদিন অনুপ্রবেশ ও সামরিক অভিযান চালাচ্ছে। এর মধ্যে রয়েছে অভিযান, তল্লাশি চৌকি স্থাপন, বাড়িঘরে তল্লাশি এবং আটক।
২০২৪ সালের ৮ ডিসেম্বর স্বৈরশাসক বাশার আল-আসাদের পতনের পর ইসরাইল ঘোষণা করে, সিরিয়ার সঙ্গে ১৯৭৪ সালের বিচ্ছিন্নকরণ চুক্তি আর কার্যকর নয়। এরপর দুই পক্ষকে পৃথককারী বাফার জোনে ঢুকে পড়ে ইসরাইল। তবে সিরিয়ার নতুন প্রশাসন বারবার বলেছে, তারা ওই চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।
সিরিয়ার নতুন নেতৃত্বের পক্ষ থেকে সরাসরি কোনো হুমকি না থাকা সত্ত্বেও ইসরাইল দেশটিতে বিমান হামলা ও সামরিক অভিযান অব্যাহত রেখেছে। এসব হামলা ও অভিযানে বেসামরিক মানুষ হতাহত হয়েছেন। একই সঙ্গে সামরিক স্থাপনা ও সরঞ্জামের ক্ষয়ক্ষতি হয়েছে।
সূত্র: মিডল ইস্ট মনিটোর











