spot_img
spot_img

মার্কিন সমর্থিত দুই দেশের বিমানঘাঁটিতে ইরানের হামলা

মার্কিন হামলার পাল্টা জবাবে বাহরাইন ও কুয়েতে একাধিক বিমানঘাঁটিতে ড্রোন হামলার দাবি করেছে ইরান। খবর আলজাজিরার।

ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটি এবং কুয়েতের আলি আল সালেম ও আহমদ আল জাবের বিমানঘাঁটিকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। তবে এসব হামলার ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য নিশ্চিত হয়নি।

এছাড়া ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, তারা হরমুজ প্রণালিতে দুটি জাহাজে হামলা চালিয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানানো হয়, অবৈধভাবে প্রণালি অতিক্রমের চেষ্টা করার সময় ওই দুটি তেলবাহী ট্যাঙ্কারকে লক্ষ্যবস্তু করা হয়।

এই ঘটনার পর হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং আন্তর্জাতিক বাজারে তেলের দামে কিছুটা ঊর্ধ্বগতি দেখা গেছে বলে জানা যায়।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক পদক্ষেপের হুমকি দেন। এরপরই বন্দর আব্বাসসহ ইরানের কয়েকটি শহরে বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং রাজধানী তেহরানের পশ্চিমাঞ্চলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়।

পরিস্থিতি ঘিরে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ