spot_img
spot_img

ইমারাতে ইসলামিয়ার সঙ্গে সম্পর্ক বাড়াতে চায় ভারত

আফগানিস্তান নিয়ে নিজেদের অবস্থান অপরিবর্তিত থাকার কথা জানিয়ে দেশটির জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে ভারত। নয়াদিল্লি বলছে, আফগানিস্তানে শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়ন জোরদার করাই তাদের নীতির মূল লক্ষ্য। আফগান জনগণকে সহায়তা করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ।

সাম্প্রতিক এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

তিনি বলেন, আফগানিস্তানে শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নে সহায়তা করাই ভারতের নীতির মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, “আফগানিস্তান ও এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার পক্ষে আমরা অবস্থান করছি, যাতে এ অঞ্চলে উন্নয়ন ও স্থিতিশীলতা জোরদার হয়। আফগানিস্তান নিয়ে আমাদের অবস্থান আমাদের স্থায়ী প্রতিনিধির বিবৃতিতে যেমন বলা হয়েছে, তেমনই রয়েছে। আমরা শান্তি ও স্থিতিশীলতা জোরদার করতে চাই। একই সঙ্গে আফগান জনগণের উন্নয়ন ও অগ্রগতির জন্য তাদের সঙ্গে কাজ চালিয়ে যেতে চাই।”

গত চার বছরে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের সঙ্গে ইতিবাচক অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক বজায় রেখেছে ভারত। এ সময়ে পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমীর খান মুত্তাকীসহ অন্তত তিনজন শীর্ষ কর্মকর্তা নয়াদিল্লিতে সরকারি সফর করেছেন।

রাজনৈতিক বিশ্লেষক ইদরিস মুহাম্মাদী জাজি বলেন, “ভারত এমন দেশগুলোর মধ্যে রয়েছে, যারা ধারাবাহিকভাবে আফগানিস্তানের প্রতি সদিচ্ছা দেখিয়েছে। গত কয়েক দশকে ভারত আফগানিস্তানের সঙ্গে কোনো সংঘাতে জড়ায়নি। এমনকি জাতিসংঘ নিরাপত্তা পরিষদেও আফগানিস্তান ইস্যুতে ভারত গঠনমূলক অবস্থান নিয়েছে। এ অঞ্চলে ভারতের প্রভাব বিবেচনায় নয়াদিল্লির সঙ্গে সম্পর্ক সম্প্রসারণ আফগানিস্তানের স্বার্থে।”

গত চার বছরে ইমারাতে ইসলামিয়ার সঙ্গে অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পৃক্ততা বাড়ানোর চেষ্টা করেছে নয়াদিল্লি। তবে নয়াদিল্লির এই প্রচেষ্টা ইসলামাবাদের কাছে স্বাগত হয়নি।

সূত্র: তোলো নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ