আহবাবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে চতুর্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ‘প্রশান্তিময় কুরআন ২০২৬’। প্রতিযোগিতায় চ্যাম্পিয়নকে পবিত্র বাইতুল্লাহ জিয়ারাহর সুযোগ দেওয়াসহ মোট ৫ লাখ টাকার পুরস্কার প্রদান করা হবে।
আগামী বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সকাল ৮টায় রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমি সংলগ্ন বাইতুল আকসা জামে মসজিদে (কার্পেট মসজিদ) প্রতিযোগিতার প্রাথমিক বাছাই পর্ব শুরু হবে। একই দিন বাদ আসর পল্টনের ডি.সি.সি হলে অনুষ্ঠিত হবে চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
চ্যাম্পিয়নের জন্য বাইতুল্লাহ জিয়ারাহ ছাড়াও প্রথম রানারআপের জন্য নগদ ৫০ হাজার টাকা এবং দ্বিতীয় রানারআপের জন্য নগদ ৩০ হাজার টাকা পুরস্কার নির্ধারণ করা হয়েছে। সেরা ১০ প্রতিযোগীর জন্য নগদ অর্থ পুরস্কারের পাশাপাশি অংশগ্রহণকারী সকলের জন্য থাকবে সান্ত্বনা পুরস্কার।
দেশের বিভিন্ন অঞ্চলের অনূর্ধ্ব ১৫ বছর বয়সী পূর্ণ ৩০ পারার হাফেজরা প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে আবেদন করতে হবে। প্রতিটি প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ পাঁচজন প্রতিযোগী অংশগ্রহণের সুযোগ পাবেন।
তবে ইতিপূর্বে জাতীয় বা আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় কিংবা তৃতীয় স্থান অর্জনকারীরা এতে অংশ নিতে পারবেন না।
প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আগামী ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। আবেদন ফরমের মূল্য ১৫০ টাকা। নিবন্ধন ও বিস্তারিত তথ্যের জন্য ০১৬০০২৪০০২৪ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।











