spot_img
spot_img

খাজা ওসমান ফারুকীর ‘সুফি সাইকোলজি’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

বিশিষ্ট সুফি চিন্তক, গবেষক ও লেখক খাজা ওসমান ফারুকীর রচিত ‘সুফি সাইকোলজি’ গ্রন্থের মোড়ক উন্মোচন উপলক্ষে চট্টগ্রামে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৪ জুন) চট্টগ্রাম প্রেসক্লাবের সুলতান আহমদ মিলনায়তনে সুফি সেন্টার চট্টগ্রামের উদ্যোগে ‘সুফিতত্ত্ব, সমকাল ও সমাজচিন্তা: খাজা ওসমান ফারুকীর চিন্তা, দর্শন ও কর্মযাত্রার এক যুগ’ শীর্ষক এ বৈঠকের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. আবদুস সবুর খান।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, খাজা ওসমান ফারুকী সমকালীন বাংলা ভাষায় সুফি জ্ঞানচর্চাকে নতুন মাত্রায় উন্নীত করেছেন। তার রচনায় আধ্যাত্মিকতা, জ্ঞান, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার অনন্য সমন্বয় পরিলক্ষিত হয়।

তিনি বলেন, ‘সুফি সাইকোলজি’ গ্রন্থটি আধুনিক মনোবিজ্ঞান ও ইসলামী আধ্যাত্মিক ঐতিহ্যের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধন তৈরি করেছে।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শেখ সাদী।

তিনি বলেন, খাজা ওসমান ফারুকীর চিন্তা ও সাহিত্যকর্ম কেবল আধ্যাত্মিক জগতের মধ্যে সীমাবদ্ধ নয়। বরং ব্যক্তি, সমাজ ও সভ্যতার নানা সংকটের প্রেক্ষাপটে তা নতুন চিন্তার দুয়ার উন্মোচন করে। ‘সুফি সাইকোলজি’ গ্রন্থটি আত্ম-উপলব্ধি, মানসিক ভারসাম্য ও মানবিক বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রামের ওষখাইনীরী নূরীয়া বিষু দরবার শরীফের সাজ্জাদানশীন মাওলানা মুহাম্মদ মুঈনুদ্দীন নূরী আল কুরাইশী।

সম্মানিত আলোচক হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আলম চৌধুরী, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. নূরে আলম, মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. শাহীনুর রহমান এবং রাজনীতি বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ ইসহাক। চট্টগ্রাম কলেজের প্রিন্সিপাল অধ্যাপক মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম সরকারি সিটি কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ হুমায়ুন কবির, ডেইলি ক্যাপিটাল ভিউজের নির্বাহী সম্পাদক সৈয়দ আবুল বরকত আকাশ, চরণদ্বীপ দরবার শরীফের নায়েবে সাজ্জাদানশীন পীরজাদা শেখ আবু মুহাম্মদ সাইফুল্লাহ ফারুকী, ড. শিব প্রসাদ শূর, ড. মোহাম্মদ কামাল উদ্দিন, গাজীপুর জজকোর্টের অ্যাডভোকেট আলী আব্বাস, চট্টগ্রাম জজকোর্টের অ্যাডভোকেট মোহাম্মদ সেলিম উদ্দিন এবং ফায়জুল বারী ফাজিল মাদরাসার অধ্যক্ষ ড. মাওলানা খলিলুর রহমান।

অনুষ্ঠানে পীর-মাশাইখ, শিক্ষাবিদ, সাংবাদিক, সাহিত্যিক, গবেষক এবং সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বর্তমান বিশ্বে ক্রমবর্ধমান মানসিক অস্থিরতা, নৈতিক অবক্ষয় ও আত্মিক শূন্যতার প্রেক্ষাপটে সুফি জ্ঞান এবং আধ্যাত্মিক চর্চা নতুনভাবে গুরুত্ব লাভ করছে।

তারা বলেন, ‘সুফি সাইকোলজি’ গ্রন্থে মানবমনের বিকাশ, আত্মশুদ্ধি, আত্মসচেতনতা ও আধ্যাত্মিক উৎকর্ষের বিষয়গুলো তুলে ধরা হয়েছে। একই সঙ্গে আধুনিক মনোবিজ্ঞান ও ইসলামী আধ্যাত্মিক ঐতিহ্যের মধ্যে একটি সৃজনশীল সংলাপ উপস্থাপন করা হয়েছে।

আলোচকেরা বলেন, খাজা ওসমান ফারুকী দীর্ঘদিন ধরে সুফিতত্ত্ব, মানবিক মূল্যবোধ, সামাজিক সম্প্রীতি ও আধ্যাত্মিক শিক্ষার প্রসারে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার চিন্তা, দর্শন ও কর্মযাত্রা সমকালীন সমাজে নৈতিকতা, সহনশীলতা, মানবকল্যাণ এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে ‘সুফি সাইকোলজি’ গ্রন্থের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়। পাশাপাশি গ্রন্থটির বিষয়বস্তু, গবেষণামূল্য ও সমকালীন প্রাসঙ্গিকতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

একই সঙ্গে খাজা ওসমান ফারুকীর বহুল আলোচিত গ্রন্থ ‘সুফি মেডিটেশন’, ‘সুফিনামা’, ‘কুন ফায়াকুন: আত্মার বিজ্ঞান’সহ তার অন্যান্য গ্রন্থের দর্শন, চিন্তা ও সমাজভাবনা নিয়েও আলোকপাত করা হয়।

বক্তারা বলেন, আধ্যাত্মিকতা ও মানবকল্যাণকে কেন্দ্র করে গড়ে ওঠা খাজা ওসমান ফারুকীর চিন্তাধারা বর্তমান প্রজন্মের জন্য ইতিবাচক ও সৃজনশীল দিকনির্দেশনা হিসেবে বিবেচিত হতে পারে। তার রচনাবলি ব্যক্তি-মানুষের আত্মিক জাগরণ এবং সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম।

অনুষ্ঠানের শেষাংশে বক্তারা মানবিক, নৈতিক ও আধ্যাত্মিক মূল্যবোধভিত্তিক সমাজ গঠনে জ্ঞানচর্চা, আত্মশুদ্ধি এবং ইতিবাচক সামাজিক উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

সুমন মোড়লের সঞ্চালনায় আলফ্রেড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকার প্রতিষ্ঠাতা হাসানুজ্জামান মাসুদের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটি পরিচালিত হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ