দুবাইয়ে গ্রেপ্তার হওয়া সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে ফিরিয়া আনার কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম।
সোমবার (১৫ জুন) মো. আকতারুল ইসলাম বলেন, ইতোমধ্যেই বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার কার্যক্রম শুরু হয়েছে। শিগগিরই আরব আমিরাত সরকারকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে অনুরোধ চিঠি পাঠানো হবে। ইতোমধ্যেই সংশ্লিষ্ট কর্মকর্তারা এ বিষয়ে কাজ শুরু করেছেন।
এর আগে লন্ডন থেকে এশিয়ার একটি দেশের উদ্দেশ্যে যাত্রাকালে দুবাই ট্রানজিটে গ্রেপ্তার হওয়া সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে নিতে বাংলাদেশকে আনুষ্ঠানিক প্রত্যর্পণ আবেদন পাঠানোর আহ্বান জানায় সংযুক্ত আরব আমিরাত।
দুদকের মামলার ভিত্তিতে ইন্টারপোলের রেড নোটিশ অনুসারে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে দেশটি বাংলাদেশকে ৩০ দিনের মধ্যে প্রয়োজনীয় নথিপত্রসহ প্রত্যর্পণ প্রক্রিয়া সম্পন্ন করার অনুরোধ জানিয়েছে।
উল্লেক্ষ্য, গত ১২ জুন দুদকের মামলার ভিত্তিতে ইন্টারপোলের কাছে বাংলাদেশের করা অভিযোগের প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করে দুবাই পুলিশ।











