spot_img
spot_img

সংস্কার বাস্তবায়ন করতে ব্যর্থ হলে সরকারের পতন হবে: পাটওয়ারী

অন্তর্বর্তী সরকারের দেওয়া সংস্কার প্রস্তাবগুলো দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

তিনি বলেন, বর্তমান সরকার সংস্কার বাস্তবায়নের পথে না হেঁটে কেবল সংশোধন প্রক্রিয়ার দিকে এগোচ্ছে। বিএনপি সরকার এসব সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করতে না পারলে দেশ আবারও একটি ফ্যাসিবাদী কাঠামোর মধ্যে আটকে যাবে। শেষ পর্যন্ত সংস্কার ইস্যুতেই বিএনপি সরকারের পতন হবে।

শুক্রবার (১৯ জুন) দুপুরে বাগেরহাটের ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ পরিদর্শনে গিয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, গত সংসদ নির্বাচনে দেশের ৭৫ শতাংশ মানুষ সংস্কার প্রস্তাব বাস্তবায়নের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দিয়েছে। ১১ দলীয় জোটের পক্ষ থেকে সারা দেশে ১০টি বড় কর্মসূচি নেওয়া হয়েছে। প্রতিটি বিভাগীয় কর্মসূচিতে সাধারণ মানুষের উপচে পড়া উপস্থিতি দেখা যাচ্ছে। মানুষ দ্রুত কার্যকর সংস্কার চায়।

আওয়ামী লীগের নেতাকর্মীদের জামিনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি, বিএনপির ছত্রছায়ায় বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের চিহ্নিত গুন্ডা ও সন্ত্রাসীরা জামিন পেয়ে যাচ্ছে। তাদের দ্রুত বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে না।’

তিনি আরও বলেন, আমরা স্পষ্ট করে বলতে চাই, আওয়ামী লীগের রাজনীতির প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না। যারা আমাদের ভাইদের খুন করেছে, তাদের অবশ্যই বিচার কাঠামোর মধ্যে নিয়ে আসতে হবে।’

জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি দাবি করে এনসিপি এই নেতা বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অযোগ্য ও চাটুকারদের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে। প্রশাসনে ‘জি হুজুর’ ধরনের লোক বসে আছে এবং ব্যাংকিং খাতে অদক্ষদের পদায়ন করা হয়েছে।

তিনি বলেন, সবচেয়ে বড় আশঙ্কার বিষয় হলো, আগে উন্নয়নের নামে ‘গোপালগঞ্জ মডেল’ তৈরি করা হয়েছিল। এখন একই মডেল বগুড়ার শিবগঞ্জে নিয়ে যাওয়া হচ্ছে। দল বদলেছে, কিন্তু পথ বদলায়নি। তাদের ইতিহাস এখন ‘গোপালগঞ্জ টু শিবগঞ্জ’ বা বগুড়াকেন্দ্রিক হয়ে উঠছে।

পাটওয়ারী বলেন, এই আঞ্চলিক বৈষম্য বজায় থাকলে ছাত্র-জনতার রক্তে অর্জিত আকাঙ্ক্ষা অধরাই থেকে যাবে।

বিএনপির সমালোচনা করে তিনি আরও বলেন, নিজেদের আত্মীয়স্বজনের নামে ইউনিয়নের নামকরণ করা সংকীর্ণ মানসিকতার পরিচয়।

তিনি প্রশ্ন রেখে বলেন, ‘গণঅভ্যুত্থানে আপনাদের ছেলেদের দেখা যায়নি। আপনারা তখন আরাম-আয়েশে ছিলেন কিংবা আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে ছেলেদের ঠিকাদারি কাজ দিয়েছেন। এখন আবার সেই নোংরা রাজনীতি শুরু করেছেন।’

তিনি আরও বলেন, ‘যদি নামকরণ করতেই হয়, তবে শহিদ আবু সাঈদ, শহিদ মুগ্ধসহ যে এক হাজার ৪০০ মানুষ শহিদ হয়েছেন, তাদের নামে করুন।’

বাগেরহাটে পৌঁছে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে প্রথমে ঐতিহাসিক হজরত খানজাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করেন নাসীরুদ্দীন পাটোয়ারী। এরপর ষাটগম্বুজ মসজিদের ঘোড়া দীঘির পাড়ে বৃক্ষরোপণ করেন এবং সেখানে জুমার নামাজ আদায় করেন।

এ সময় এনসিপির বাগেরহাট জেলা কমিটির সমন্বয়ক সৈয়দ আনোয়ার মোর্শেদ সোহেল, সদস্যসচিব আল আমিন খান সুমনসহ বৈষম্যবিরোধী ছাত্র সংগঠনের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ