আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের সভাপতি ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া কোরআনিয়া লালবাগ ঢাকার সিনিয়র শিক্ষক, বিশিষ্ট ক্বারী, হাফেজ মাওলানা আবু রায়হানের উপর সংঘটিত সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কওমি পরিষদ বাংলাদেশ।
মঙ্গলবার (২৩ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে কওমি পরিষদ বাংলাদেশের সভাপতি মুফতী ইমরানুল বারী সিরাজী এ নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে তিনি বলেন, একজন আলেম ও দ্বীনি ব্যক্তিত্বের উপর এ ধরনের ন্যাক্কারজনক হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মতপার্থক্য থাকলেও তা প্রকাশের সভ্য ও শান্তিপূর্ণ পদ্ধতি রয়েছে। হামলা, সহিংসতা ও সন্ত্রাসের মাধ্যমে ব্যক্তি বা মতাদর্শকে দমিয়ে রাখার অপচেষ্টা ইসলামী শিক্ষা, নৈতিকতা এবং মানবিক মূল্যবোধের সম্পূর্ণ পরিপন্থী।
তিনি আরও বলেন, বিভিন্ন মাধ্যমে হামলাকারীরা একটি ইসলামী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেলেও কোনো ব্যক্তি বা গোষ্ঠীর অপরাধের দায় পুরো সংগঠনের ওপর চাপিয়ে দেওয়া সমীচীন নয়। তবে সংশ্লিষ্ট সংগঠনের কোনো সদস্য বা কর্মী এ ঘটনার সঙ্গে জড়িত থাকলে সংগঠনটির উচিত বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা।
মুফতী ইরানুল বারী বলেন, দেশে আলেম-উলামা, দ্বীনি ব্যক্তিত্ব এবং সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। পাশাপাশি সমাজে শান্তি, সহনশীলতা ও ভ্রাতৃত্ববোধের পরিবেশ বজায় রাখতে সকলের প্রতি সংযম ও দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান তিনি।
তিনি অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান। একই সঙ্গে আহত মাওলানা আবু রায়হানের দ্রুত সুস্থতা কামনা করে মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করেন।











