সিলেটের সদ্য বিদায়ী জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের মাজারকেন্দ্রিক স্বচ্ছতার উদ্যোগের প্রশংসা করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
তিনি বলেন, সারওয়ার আলম আমাদের চোখ খুলে দিয়েছেন। হজরত শাহজালাল (রহ.)-এর মাজারের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সরকার কাজ করবে।
বুধবার (২৪ জুন) বিকেলে চার দিনের সফরে সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, মাজারের দানের অর্থ প্রকাশ্যে গণনার মতো উদ্যোগ স্বচ্ছতা প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এ ধরনের পদক্ষেপে সরকারের পক্ষ থেকে সহযোগিতা থাকবে। সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে মাজারের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন নিশ্চিত করা হবে।
এ বিষয়ে কোনো ধরনের অনিয়ম বা অস্বচ্ছতার সুযোগ দেওয়া হবে না বলেও জানান তিনি।
সিলেটের সদ্য বিদায়ী জেলা প্রশাসক সারওয়ার আলমের প্রত্যাহার প্রসঙ্গে আরিফুল হক চৌধুরী বলেন, জেলা প্রশাসকের বদলি জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়মিত প্রশাসনিক কার্যক্রমের অংশ। এটিকে মাজারকেন্দ্রিক ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত করার সুযোগ নেই।
তিনি আরও বলেন, মাজারের হিসাব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে জনগণের প্রত্যাশার সঙ্গে সরকারের কোনো দ্বিমত নেই। সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।











