সিলেটের হযরত শাহজালাল (র.) মাজারের দানের টাকার আর্থিক স্বচ্ছতা নিশ্চিতে একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে প্রশাসন ও মাজার কর্তৃপক্ষের সমন্ব এই কমিটি কাজ করবে।
তিনি বলেন, দরগাহর উন্নয়ন, দানের অর্থের ব্যবস্থাপনা এবং সার্বিক কার্যক্রমে যৌক্তিক সমাধানে পৌঁছাতে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। আলোচনায় আর্থিক হিসাব-নিকাশে পূর্ণাঙ্গ স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে সবাই একমত হয়েছেন।
শুক্রবার (২৬ জুন) সকালে সিলেট সার্কিট হাউসে এক সভা শেষে তিনি এ তথ্য জানান।
বাণিজ্যমন্ত্রী বলেন, এই কমিটিতে সিলেট সিটি করপোরেশন প্রশাসক, জেলা পরিষদের প্রশাসক, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রশাসক, বিভাগীয় কমিশনার, সিলেট রেঞ্জের ডিআইজি, সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার, দরগাহ মোতাওয়াল্লী পরিবারের দুইজন প্রতিনিধি এবং মাদরাসা ও মসজিদের দুইজন প্রতিনিধি থাকবেন।
তিনি বলেন, আগামী এক মাসের মধ্যে কমিটি বসে দানের অর্থ ও মাজারের সার্বিক ব্যবস্থাপনার জন্য একটি যৌক্তিক ও কার্যকর পদ্ধতি নির্ধারণ করবে। এই কমিটির প্রধান লক্ষ্য হবে পুরো ব্যবস্থাপনায় পরিপূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করা।











