সুরঞ্জিত সেনগুপ্ত হত্যাচেষ্টা মামলায় সাবেক জেলা ছাত্র জমিয়ত নেতা হাফেজ নাঈম আহমদ আরিফের বিরুদ্ধে দেওয়া ফাঁসির রায় বাতিল এবং অপর আসামিদের মতো তাকে বেকসুর খালাসের দাবিতে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুব জমিয়ত বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখা।
শুক্রবার (২৬ জুন) জুমার নামাজের পর সুনামগঞ্জ শহরের মাদানিয়া মাদরাসা প্রাঙ্গণ থেকে যুব জমিয়ত বাংলাদেশের সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ট্রাফিক পয়েন্টে সমাবেশে মিলিত হয়।
জেলা যুব জমিয়তের সভাপতি হাফেজ ত্বাহা হোসাইনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা ওবায়দুল হক চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি শায়খ মাওলানা আব্দুল বছীর।
তিনি বলেন, একজন আলেমের বিরুদ্ধে মিথ্যা ও সাজানো মামলার ভিত্তিতে ফাঁসির রায় দেওয়া হয়েছে, যা ন্যায়বিচারের পরিপন্থী। তিনি অবিলম্বে রায় বাতিল করে হাফেজ নাঈম আহমদ আরিফসহ সংশ্লিষ্টদের বেকসুর খালাস দেওয়ার দাবি জানান।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সুরঞ্জিত সেনগুপ্ত হত্যাচেষ্টা মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং এতে নিরপরাধ ব্যক্তিদের জড়ানো হয়েছে।
তাদের দাবি, একই মামলার অন্যান্য আসামিরা যেহেতু খালাস পেয়েছেন, তাই একই যুক্তিতে হাফেজ নাঈম আহমদ আরিফকেও খালাস দেওয়া উচিত। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তারা সতর্ক করেন।











