spot_img
spot_img

ভারতে গরুর মাংস রান্নার অভিযোগে তিন মুসলিম নারী গ্রেপ্তার

ভারতের উত্তর প্রদেশের কৌশাম্বি জেলায় গরুর মাংস রান্নার অভিযোগে শামা পারভিন, শাইস্তা ও ফাতিমা নামে তিন মুসলিম নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে জব্দ করা মাংসটি আদৌ গরুর কি না, তা নিশ্চিত করতে পাঠানো ফরেনসিক পরীক্ষার প্রতিবেদন এখনো হাতে আসেনি।

পুলিশের দাবি, বুধবার তারা গোপন তথ্য পায় যে ওই এলাকার একটি পরিবার গরুর মাংস সংগ্রহ করে বাড়িতে রান্না করছে। পরে ওই বাড়িতে অভিযান চালায়। অভিযানের সময় চারজন পুরুষ বাড়ি থেকে পালিয়ে যান। তিন নারী পালানোর চেষ্টা করলে নারী পুলিশ সদস্যরা তাদের আটক করেন।

পুলিশ স্বীকার করেছে, জব্দ করা মাংস ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং সেটি গরুর মাংস কি না, তা পরীক্ষার ফল পাওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে।

এদিকে, পরীক্ষার ফলাফলের অপেক্ষায় থাকা সত্ত্বেও, ইতোমধ্যেই ওই তিন নারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, আটক নারীদের স্বামী এবং প্রতিবেশী আরও একজনকে খোঁজা হচ্ছে। তারা সবাই মুম্বাইয়ে কর্মরত ছিলেন এবং সম্প্রতি কৌশাম্বিতে ফিরেছেন। পাশাপাশি মাংসটি কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল এবং এর আগে এ ধরনের কেনাকাটা করা হয়েছিল কি না, তাও তদন্ত করা হচ্ছে।

উল্লেখ্য, উত্তর প্রদেশে গরু জবাইবিরোধী আইন কঠোরভাবে প্রয়োগ করা হচ্ছে। এ আইনের আওতায় গরুর মাংস রাখা বা খাওয়ার অভিযোগে প্রায়ই ফৌজদারি মামলা দায়ের করে পুলিশ।

সূত্র: ইয়েনি শাফাক

spot_img
spot_img
spot_img

সর্বশেষ