spot_img
spot_img

সৌদি প্রবাসীদের মেয়াদোত্তীর্ণ ওয়ার্ক পারমিট নবায়নের শেষ সময় ৩০ জুন

সৌদি আরবে অবস্থানরত যেসব প্রবাসী কর্মীর ওয়ার্ক পারমিটের মেয়াদ তিন মাসের বেশি সময় আগে শেষ হয়ে গেছে, তাদের বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের অধীন কিওয়া প্ল্যাটফর্ম।

কিওয়া জানিয়েছে, আগামী মঙ্গলবার (৩০ জুন) এসব কর্মীর ওয়ার্ক পারমিট নবায়নের শেষ দিন।

এরপর বুধবার (১ জুলাই) থেকে তিন মাসের বেশি মেয়াদোত্তীর্ণ ওয়ার্ক পারমিটধারী কর্মীদের নাম স্বয়ংক্রিয়ভাবে কফিল বা প্রতিষ্ঠানের রেকর্ড থেকে বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু হবে।

সৌদি আরবে অনেক প্রবাসী কর্মী নিয়মিত কাজ করলেও ওয়ার্ক পারমিট নবায়নের বিষয়টি পুরোপুরি তাদের হাতে থাকে না। অনেক সময় কফিল বা প্রতিষ্ঠানের বিলম্ব, বকেয়া ফি কিংবা প্রশাসনিক জটিলতার কারণে কর্মীরা অনিশ্চয়তায় পড়ে যান।

তাই নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নিয়োগকর্তা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করেছে কিওয়া।

প্ল্যাটফর্মটি জানিয়েছে, কোনো কর্মীর ওয়ার্ক পারমিট তিন মাসের বেশি সময় ধরে মেয়াদোত্তীর্ণ থাকলে তাকে প্রতিষ্ঠানের রেকর্ড থেকে স্বয়ংক্রিয়ভাবে অপসারণ করা হবে।

তবে কর্মী বৈধ ওয়ার্ক পারমিট ছাড়া যে সময় ওই প্রতিষ্ঠানে কাজ করেছেন, সেই সময়ের বকেয়া ফি ও আর্থিক দায় প্রতিষ্ঠানকেই বহন করতে হবে। তবে একটি ক্ষেত্রে কর্মীর নাম প্রতিষ্ঠানের রেকর্ড থেকে বাদ দেওয়া হবে না।

যদি কর্মীর ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হয়ে যায়, কিন্তু ইকামার মেয়াদ ১৮০ দিন বা তার বেশি বাকি থাকে, তাহলে ওই কর্মীকে প্রতিষ্ঠানের রেকর্ড থেকে অপসারণ করা হবে না।

পরবর্তীতে ইকামার মেয়াদ ১৮০ দিনের কমে এলে জটিলতা এড়াতে নিয়োগকর্তাকে ইকামা ও ওয়ার্ক পারমিট, দুটিই নবায়ন করতে হবে।

কিওয়া নিয়োগকর্তাদের বকেয়া ওয়ার্ক পারমিট ফি দ্রুত পরিশোধ এবং সংশ্লিষ্ট কর্মীদের অবস্থা নিয়মিত করার আহ্বান জানিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে পরবর্তীতে আইনি ও আর্থিক দায়ের মুখে পড়তে হতে পারে।

এ অবস্থায় প্রবাসী কর্মীদেরও নিজেদের ওয়ার্ক পারমিট ও ইকামার মেয়াদ সম্পর্কে খোঁজ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

বিশেষ করে যাদের ওয়ার্ক পারমিট তিন মাসের বেশি সময় ধরে নবায়ন হয়নি, তারা যেন দ্রুত কফিল বা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ