গাজ্জায় নিজেদের বর্বরতা আড়াল করতেই ইসরাইল তুরস্কের বিরুদ্ধে অপবাদ দিচ্ছে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।
তিনি বলেন, “গাজ্জায় ৭৫ হাজার নিরপরাধ মানুষের রক্ত যাদের হাতে লেগে আছে, যাদের অধিকাংশই শিশু ও নারী, সেই খুনি নেটওয়ার্ক আমাদের দেশের বিরুদ্ধে যে অপবাদ দিচ্ছে, আমরা সেগুলোকে কোনো গুরুত্ব দিই না।”
মঙ্গলবার (৩০ জুন) আঙ্কারায় মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এরদোগান।
এরদোগান বলেন, তুরস্কের ইতিহাসে নাৎসি নিপীড়ন থেকে পালিয়ে আসা মানুষদের আশ্রয় দেওয়ার মহান দৃষ্টান্ত রয়েছে। গাজ্জায় নিজেদের বর্বরতা আড়াল করতে যারা তুরস্কের বিরুদ্ধে অপবাদ দেয়, তারা বিষয়টি সবচেয়ে ভালো করেই জানে।
এ সময় ভেনেজুয়েলার প্রতিও সমর্থন জানান তুর্কি প্রেসিডেন্ট। গত ২৪ জুন দেশটি পরপর দুটি ভূমিকম্পে কেঁপে ওঠে। এরদোগান বলেন, তুরস্ক বন্ধু ও ভ্রাতৃপ্রতিম ভেনেজুয়েলার জনগণের পাশে আমাদের সব সামর্থ্য নিয়ে দাঁড়িয়ে আছে।
তিনি তুরস্কের মহাকাশ পরিকল্পনার গুরুত্বও তুলে ধরেন। এরদোগান বলেন, স্যাটেলাইট সক্ষমতা গড়ে তোলা তুরস্কের জন্য পছন্দের বিষয় নয়, বরং প্রয়োজনীয়তা।
সূত্র: মিডল ইস্ট মনিটোর











