spot_img
spot_img

বসফরাস প্রণালিতে ট্রানজিট ফি ১৫ শতাংশ বাড়াল তুরস্ক

তুরস্কের বসফরাস ও দারদানেলস প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ট্রানজিট ফি প্রায় ১৫ শতাংশ বাড়ানো হয়েছে।

বুধবার (১ জুলাই) দেশটির পরিবহন ও অবকাঠামো মন্ত্রণালয় রুশ বার্তা সংস্থা আরআইএ নভোস্তিকে এ তথ্য নিশ্চিত করেছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১ জুলাই থেকে প্রতি টনের জন্য ট্রানজিট ফি হবে ৬ দশমিক ৭০ মার্কিন ডলার। এর আগে ২০২২ সাল থেকে প্রতি টনে ৫ দশমিক ৮৩ ডলার ফি কার্যকর ছিল। মন্ত্রণালয়ের বার্ষিক পর্যালোচনার অংশ হিসেবে এ হার বাড়ানো হয়েছে।

বিশ্বের অন্যতম ব্যস্ত ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এ দুই সমুদ্রপথে ট্রানজিট ফি বৃদ্ধির ধারাবাহিকতার এটি সর্বশেষ পদক্ষেপ।

এর আগে ১৯৮৩ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত প্রায় ৪০ বছর ট্রানজিট ফি প্রতি টনে মাত্র ৮০ সেন্টে অপরিবর্তিত ছিল। পরে ২০২২ সালে নীতিগত পরিবর্তনের মাধ্যমে এক লাফে ফি পাঁচ গুণেরও বেশি বাড়িয়ে প্রতি টনে ৪ দশমিক ৮ ডলার নির্ধারণ করা হয়।

পরিবহন ও অবকাঠামোমন্ত্রী আবদুল কাদির উরালওগলুর দেওয়া প্রাথমিক হিসাব অনুযায়ী, ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত বসফরাস ও দারদানেলস প্রণালি দিয়ে জাহাজ চলাচল থেকে তুরস্কের প্রায় ২৫ কোটি ৪০ লাখ মার্কিন ডলার আয় হতে পারে, যা আগের অর্থবছরের তুলনায় প্রায় ৩ কোটি ১০ লাখ ডলার বেশি।

কৃষ্ণসাগরকে ভূমধ্যসাগরের সঙ্গে যুক্ত করা বসফরাস ও দারদানেলস প্রণালির চলাচল ১৯৩৬ সালের মন্ট্রো কনভেনশন অনুযায়ী পরিচালিত হয়। এ চুক্তির আওতায় বাণিজ্যিক ও সামরিক জাহাজ চলাচলের নিয়ম নির্ধারিত থাকলেও টোল নির্ধারণ এবং নিরাপত্তা ব্যবস্থাপনার নিয়ন্ত্রণ তুরস্কের হাতে রয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ