দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের শুধু বদলি নয়, সরাসরি চাকরিচ্যুত করা হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
শনিবার (৪ জুলাই) দুপুরে নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত ‘নরসিংদী ডায়াবেটিক সমিতির’ ৩১তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, যেখানে অবহেলা ও দুর্নীতি থাকবে, সেখানেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমি ট্রান্সফার বা বদলিতে বিশ্বাস করি না। কাজ করতে হবে সততার সঙ্গে। দুর্নীতি ও ঘুষ বাণিজ্য কোনোভাবেই বরদাশত করা হবে না।
তিনি জানান, দেশের প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যার ডায়ালাইসিস সেন্টার চালু করা হয়েছে। পাশাপাশি ইউনিয়ন পর্যায়ের কমিউনিটি ক্লিনিকগুলো সংস্কার করে নতুনভাবে সাজানো হবে এবং সেখানে আরও চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে।
ফ্যামিলি প্ল্যানিং সেন্টারগুলোকে আধুনিকায়নের কথাও তুলে ধরে মন্ত্রী বলেন, স্বাস্থ্যখাতে চলতি বছরেই একটি বড় পরিবর্তনের সূচনা করতে চাই। জনগণের সেবার মান উন্নত করতে আমরা নতুন নতুন কর্মসূচি গ্রহণ করছি, যাতে দেশ বিশ্ব মানচিত্রে আরও মর্যাদার সঙ্গে দাঁড়াতে পারে।
এবারের বাজেটকে আদর্শের বাজেট উল্লেখ করে তিনি বলেন, প্রতিটি পরিকল্পনা দুর্নীতিমুক্তভাবে বাস্তবায়ন করা হবে।
নরসিংদীর জেলা প্রশাসক ও ডায়াবেটিক সমিতির সভাপতি ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য খায়রুল কবির খোকন, মঞ্জুর এলাহী, আশরাফ উদ্দিন বকুল এবং জেলা পরিষদের প্রশাসক তোফাজ্জল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।











