spot_img

আফগান ডেপুটি প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন জাতিসংঘের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী মাওলানা আব্দুস সালাম হানাফী ও পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকীর সঙ্গে বৈঠক করেছেন জাতিসংঘের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা।

বৈঠকে উপস্থিত ছিলেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসক আলেকজান্ডার ডি ক্রো এবং জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার বারহাম সালিহ। এ সময় বারহাম সালিহর সঙ্গে তাঁর প্রতিনিধিদলও উপস্থিত ছিল।

বৈঠকে মাওলানা আব্দুস সালাম হানাফী বলেন, ইমারাতে ইসলামিয়া পুনরায় ক্ষমতায় আসার পর থেকে ৮০ লাখের বেশি আফগান শরণার্থী দেশে ফিরে এসেছে। এটি অত্যন্ত বড় একটি সংখ্যা।

তিনি বলেন, দেশে ফিরে আসা শরণার্থীদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে। এজন্য অবকাঠামো ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন জরুরি। এতে তারা আর পুনরায় দেশ ছাড়তে বাধ্য হবে না।

বৈঠকে আলেকজান্ডার ডি ক্রো মাদক প্রতিরোধ, প্রশাসনিক দুর্নীতি দমন, মাদকাসক্তদের সংগ্রহ ও চিকিৎসা, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং বিনিয়োগের ক্ষেত্রে ইমারাতে ইসলামিয়ার নেওয়া পদক্ষেপের প্রশংসা করেন।

তিনি বলেন, আফগানিস্তানের অর্থনৈতিক ব্যবস্থা ও আঞ্চলিক বাণিজ্য শক্তিশালী করা, অবকাঠামো নির্মাণ এবং কৃষি ও সেচ খাতের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দিতে ইউএনডিপি ও অন্যান্য অংশীদার প্রতিষ্ঠান প্রস্তুত রয়েছে।

অন্যদিকে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার বারহাম সালিহ ইমারাতে ইসলামিয়া ও মানবিক সংস্থাগুলোর মধ্যে যৌথ সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, আফগানদের প্রতি সহায়তা পূর্ণ অঙ্গীকারের সঙ্গে অব্যাহত রাখবে ইউএনএইচসিআর।

এদিকে একই সফরের অংশ হিসেবে জাতিসংঘের প্রতিনিধিদল ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকীর সঙ্গেও বৈঠক করে।

আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে আফগানিস্তান ও জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সহযোগিতা জোরদার, আফগান শরণার্থীদের পরিস্থিতি, মানবিক ও উন্নয়ন সহায়তা, দেশে ফিরে আসা শরণার্থীদের প্রয়োজন, বিকল্প জীবিকা এবং টেকসই উন্নয়ন কর্মসূচি নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকী বলেন, দেশে ফিরে আসা শরণার্থীদের সেবা দিতে ইমারাতে ইসলামিয়া ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেছে। তবে তাদের স্থায়ী পুনর্বাসনের জন্য আরও উন্নয়ন সহযোগিতা ও সহায়তা প্রয়োজন।

সূত্র : হুরিয়াত রেডিও

spot_img
spot_img
spot_img

সর্বশেষ