spot_img

বন্ধ হয়ে থাকা কারখানাগুলো আমরা আবার চালু করব: আফগান ডেপুটি প্রধানমন্ত্রী

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী মাওলানা আব্দুস সালাম হানাফী বলেছেন, কয়েক দশক ধরে বন্ধ হয়ে থাকা কারখানাগুলো আবার চালু করবে ইমারাতে ইসলামিয়া।

বৃহস্পতিবার (৯ জুলাই) আফগানিস্তানের পারওয়ান প্রদেশের জাবালুস সিরাজ জেলায় দ্বিতীয় বৃহৎ সিমেন্ট উৎপাদন কারখানার নির্মাণকাজ উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

মাওলানা হানাফী বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে ইমারাতে ইসলামিয়া গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। বন্ধ হয়ে থাকা কারখানাগুলো পুনরায় কার্যক্ষম করতে কাজ করা হয়েছে। পাশাপাশি নতুন নতুন কারখানা প্রতিষ্ঠার মাধ্যমে বিপুলসংখ্যক নাগরিকের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হয়েছে।

তিনি বলেন, জাবালুস সিরাজের দ্বিতীয় সিমেন্ট কারখানাটি সর্বাধুনিক মানদণ্ড অনুযায়ী নকশা করা হয়েছে। এটি নির্মাণে উন্নত স্বয়ংক্রিয় ব্যবস্থা ব্যবহার করা হবে।

মাওলানা হানাফী উল্লেখ করেন, কারখানাটি চালু হলে বাজারে সিমেন্টের দাম কমাতে ভূমিকা রাখবে। একই সঙ্গে এটি নির্মাণ খাতের স্থিতিশীলতাকে সহায়তা করবে।

অনুষ্ঠানে আফগানিস্তানের জাতীয় কোম্পানিসমূহের মহাপরিচালক মাওলানা আহমদ জান বিলাল জানিয়েছেন, পারওয়ান প্রদেশের জাবালুস সিরাজে নতুন সিমেন্ট কারখানা চালু হলে আফগানিস্তান সিমেন্টে স্বনির্ভর হবে। এতে সিমেন্ট আমদানির প্রয়োজনীয়তাও শেষ হবে।

তিনি বলেন, এই প্রকল্প দেশ পুনর্গঠন ও স্বনির্ভরতা অর্জনের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি আফগানিস্তানে শিল্পবিপ্লবের পথও তৈরি করতে পারে।

পরিকল্পনা অনুযায়ী, কারখানাটির উৎপাদন সক্ষমতা হবে দৈনিক ৫ হাজার টন সিমেন্ট। পাশাপাশি এতে সরাসরি কয়েক ডজন মানুষের কর্মসংস্থান এবং পরোক্ষভাবে কয়েকশ মানুষের কাজের সুযোগ তৈরি হবে।

সূত্র: হুরিয়াত রেডিও

spot_img
spot_img
spot_img

সর্বশেষ