বাংলাদেশের ৭০ শতাংশ মানুষ গণভোটে রাষ্ট্র সংস্কারের পক্ষে রায় দিলেও সরকার সেই জনরায়ের প্রতি সম্মান দেখাচ্ছে না বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
শুক্রবার (১০ জুলাই) রাতে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার শহীদ বিজয় চত্বরে এনসিপির উদ্যোগে আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, বাংলাদেশের ৭০ শতাংশ মানুষ গণভোটে রাষ্ট্র সংস্কারের পক্ষে ভোট দিয়েছিল। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, বিএনপি সরকার গঠনের পর সেই সংস্কার কার্যক্রম থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে। জুলাইয়ে যারা রাজপথে নেমেছিল, তাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। রাষ্ট্র সংস্কারের যে প্রতিশ্রুতি দেয়া হয়েছিল, তা বাস্তবায়ন না করে ৭০ শতাংশ মানুষের রায়ের বিপক্ষে গিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চাইলে তা দীর্ঘমেয়াদে সম্ভব হবে না।
তিনি জানান, জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র সংস্কারের রাজনীতি চালিয়ে যাবে এনসিপি। পাশাপাশি আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থীদের বিজয়ী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার এবং প্রয়োজনীয় আর্থিক সহযোগিতা দেয়ার আহ্বান জানান।
এর আগে রায়পুর বাজারে এনসিপির উদ্যোগে আয়োজিত পথসভায় অংশ নেন হাসনাত আবদুল্লাহ। পরে সেখান থেকে ‘জুলাই পদযাত্রা’ শহীদ বিজয় চত্বরে এসে শেষ হয়।
সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, কেন্দ্রীয় নেতা মাহবুব আলম, সংগঠক আরমান হোসাইন, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম সুজা উদ্দিন এবং লক্ষ্মীপুর জেলা কমিটির আহ্বায়ক মাছুম বিল্লাহ।
পদযাত্রা ও সমাবেশে এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।










