বিশ্ব নিরাপত্তাব্যবস্থায় আমূল পরিবর্তনের মধ্যে তুরস্ক নতুন আন্তর্জাতিক ব্যবস্থার অন্যতম মেরু হয়ে ওঠার পথে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।
তিনি বলেন, বৈশ্বিক নিরাপত্তার প্রচলিত ধারণা ও কাঠামোয় আমূল পরিবর্তন ঘটছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ও নতুন প্রযুক্তি প্রতিরক্ষা ও নিরাপত্তা কার্যক্রমের ধরন গভীরভাবে বদলে দিচ্ছে। গত ১২ মাসে তুরস্কের প্রতিরক্ষা ও মহাকাশ পণ্য রপ্তানি রেকর্ড ১ হাজার ১০০ কোটি ডলার ছাড়িয়েছে। একই সঙ্গে দেশটির প্রতিরক্ষা খাতে দেশীয় উৎপাদনের হার ৮২ শতাংশে পৌঁছেছে।
শুক্রবার (১০ জুলাই) জাতীয় প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয়ের স্নাতক ক্যাডেটদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
এরদোগান বলেন, আধুনিক সংঘাত এখন আর প্রচলিত যুদ্ধক্ষেত্রের মধ্যে সীমাবদ্ধ নেই। গুরুত্বপূর্ণ অবকাঠামো, জ্বালানি সঞ্চালন লাইন ও বাণিজ্যপথ লক্ষ্য করে সাইবার হামলা ও অপতথ্য প্রচারণাও এখন যুদ্ধের অংশ হয়ে উঠেছে।
তিনি বলেন, “যুদ্ধ এখন আর শুধু যুদ্ধক্ষেত্রে পরিচালিত হয় না। সাইবার হামলা ও অপতথ্য প্রচারণার মাধ্যমেও যুদ্ধ চালানো হচ্ছে। আত্মঘাতী ড্রোন ব্যবহার করে গুরুত্বপূর্ণ অবকাঠামো, জ্বালানি সঞ্চালন লাইন ও বাণিজ্যপথকে লক্ষ্যবস্তু করা হচ্ছে।”
তিনি আরও বলেন, মানুষবিহীন আকাশযান ও নৌযানের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সফটওয়্যার এখন সামরিক সংঘাতের ফলাফল নির্ধারণ করছে।
প্রতিরক্ষা শিল্পে গুরুত্বপূর্ণ অগ্রগতি
তুরস্কের প্রতিরক্ষা শিল্পে দেশীয় উৎপাদনের হার ৮২ শতাংশে পৌঁছেছে উল্লেখ করে এরদোগান বলেন, এসব সরঞ্জাম সরাসরি মাঠপর্যায়ে পরীক্ষা করা হচ্ছে। সামরিক কার্যক্রম থেকে পাওয়া মতামতের ভিত্তিতে সেগুলো আরও উন্নত করা হচ্ছে।
তিনি জানান, প্রকৌশলী, সফটওয়্যার নির্মাতা এবং এ খাতে কাজ করা প্রায় চার হাজার প্রতিষ্ঠান প্রতিদিন নতুন নতুন সাফল্য অর্জন করছে। এর ফলে তুরস্ক তার নিরাপত্তা বাহিনীকে দেশে তৈরি সর্বাধুনিক সরঞ্জামে সজ্জিত করতে সক্ষম হচ্ছে।
প্রতিরক্ষা রপ্তানিতে রেকর্ড অর্জনের বিষয়টি তুলে ধরে এরদোগান বলেন, গত ১২ মাসে তুরস্ক ১ হাজার ১০০ কোটি ডলারের বেশি মূল্যের প্রতিরক্ষা ও মহাকাশ পণ্য রপ্তানি করেছে।
তিনি বলেন, “চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত আমাদের প্রতিরক্ষা রপ্তানি ৪৬৬ কোটি ৫০ লাখ ডলারে পৌঁছেছে। গত বছরের একই সময়ের তুলনায় এটি প্রায় ৩০ শতাংশ বেশি। শুধু জুন মাসেই আমরা ৮০ কোটি ৩০ লাখ ডলারের পণ্য রপ্তানি করেছি।”
এরদোগান বলেন, এসব অর্জন তুরস্কের প্রতিরক্ষা শিল্পের দ্রুত প্রবৃদ্ধির প্রমাণ।
সূত্র: ইয়নি সাফাক










