বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দেশে ২৫ শে মার্চের আগে স্বাধিকারের আন্দোলন হয়েছে, স্বায়ত্বশাসনের আন্দোলন হয়েছে, পাকিস্তানের ক্ষমতায় যাওয়ার আন্দোলন হয়েছে কিন্তু জিয়াউর রহমানই সশ্বস্ত্র মুক্তিযুদ্ধ শুরু করেছেন।
রবিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্মের যৌথ উদ্যোগে জিয়াউর রহমানের বীর উত্তম পদক বাতিলের প্রতিবাদে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জিয়াউর রহমানকে ছাড়া মুক্তিযুদ্ধের ইতিহাস কোনোক্রমে লেখা সম্ভব হবে না। আজকে যারা মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করছেন। ইতিহাস যারা লেখবেন সত্যকে মেনে নিয়ে লেখবেন। এদেশে ২৫ শে মার্চের আগে স্বাধিকারের আন্দোলন হয়েছে, স্বায়ত্বশাসনের আন্দোলন হয়েছে, পাকিস্তানের ক্ষমতায় যাওয়ার আন্দোলন হয়েছে কিন্তু জিয়াউর রহমানই সশ্বস্ত্র মুক্তিযুদ্ধ শুরু করেছেন।
তিনি আরও বলেন, জিয়াউর রহমানের খেতাব বাতিলের ষড়যন্ত্র করে সরকার আগুন নিয়ে খেলছে। এতে আপনাদের হাত পুড়ে যাবে, ছাঁই হয়ে যাবে। এই খেতাব কেউ দেয় নাই, এই খেতাব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ যারা খেতাব পেয়েছেন তারা প্রত্যেকে অর্জন করেছেন। এই খেতাবের ওপরে হাত দেওয়ার কোনো অধিকার কারো নেই।











