spot_img

বিনিয়োগ আকর্ষণে চার খাতে কর কমাল আফগান সরকার

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের সর্বোচ্চ নেতা মাওলানা হিবাতুল্লাহ আখুন্দজাদা চারটি গুরুত্বপূর্ণ খাতে কর কমানোর একগুচ্ছ পদক্ষেপ অনুমোদন করেছেন। কর্মকর্তারা বলছেন, বিনিয়োগে উৎসাহ দেওয়া, অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ানো এবং নাগরিক ও বেসরকারি খাতের আর্থিক চাপ কমানোর লক্ষ্যে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে।

রোববার (১২ জুলাই) কাবুলে সরকারি তথ্য ও গণমাধ্যম কেন্দ্রে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আফগানিস্তানের ডেপুটি প্রধামন্ত্রী মাওলানা আবদুস সালাম হানাফি এ ঘোষণা দেন।

মাওলানা আবদুস সালাম হানাফি বলেন, আইনি সত্তা, ব্যক্তি করদাতা, সম্পত্তি হস্তান্তর এবং তেল ও গ্যাসসহ জ্বালানি আমদানির ক্ষেত্রে কর কমানো হয়েছে।

তিনি বলেন, খনি কোম্পানিগুলো ছাড়া কোম্পানি ও বেসরকারি হাসপাতালসহ সব আইনি সত্তার আয়কর কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে।

হানাফি জানান, ব্যক্তি করদাতাদের বার্ষিক করমুক্ত আয়ের সীমা ৬০ হাজার আফগানি থেকে দ্বিগুণ করে এক লাখ ২০ হাজার আফগানি করা হয়েছে। ফলে বছরে এক লাখ ২০ হাজার আফগানি পর্যন্ত আয় করা ব্যক্তিদের কোনো আয়কর দিতে হবে না।

তিনি বলেন, “আগে আয়করের হার ছিল ২০ শতাংশ। এখন থেকে যোগ্য সব সত্তার জন্য তা কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে।”

মাওলানা হানাফির দেওয়া তথ্য অনুযায়ী, তেল ও গ্যাস আমদানির ওপর কর প্রতি মেট্রিক টনে ১০০ আফগানি থেকে কমিয়ে ৫০ আফগানি করা হয়েছে। একই সঙ্গে সম্পত্তি হস্তান্তরের কর ১ শতাংশ থেকে কমিয়ে শূন্য দশমিক ৫ শতাংশ করা হয়েছে।

এদিকে অর্থমন্ত্রী মুহাম্মাদ নাসের আখুন্দ বলেন, ইমারাতে ইসলামিয়া পুনরায় ক্ষমতায় আসার পর থেকে মোট ১৩টি কর কমানোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

তিনি বলেন, “আজ আপনারা যে কর পরিশোধ করছেন, সেই অর্থ দিয়ে ইমারাতে ইসলামিয়ার প্রতিরক্ষা, নিরাপত্তা, গোয়েন্দা কার্যক্রম এবং সরকারের নিয়মিত ব্যয় নির্বাহ করা হচ্ছে।”

একই অনুষ্ঠানে শিল্প ও বাণিজ্যমন্ত্রী নূরুদ্দিন আজিজি বেসরকারি খাত ও বিনিয়োগকারীদের স্বচ্ছতার সঙ্গে কর পরিশোধ এবং কর ফাঁকি থেকে বিরত থাকার আহ্বান জানান।

তিনি বলেন, “আমরা করদাতাদের স্বচ্ছতা বজায় রাখতে এবং করসংক্রান্ত দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ থাকার আহ্বান জানাই।”

ইমারাতে ইসলামিয়ার কর্মকর্তারা সর্বশেষ কর কমানোর এসব পদক্ষেপকে আফগানিস্তানে বিনিয়োগে সহায়তা, অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত এবং ব্যবসার পরিবেশ উন্নত করার বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে বর্ণনা করেছেন।

সূত্র: তোলো নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ